সুনামগঞ্জে ৩ স্লিপার কোচ মালিককে ৯০ হাজার টাকা জরিমানা
অপরাধ-বিচার
প্রকাশঃ ৬ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৩০ অপরাহ্ন
অনুমোদনহীনভাবে সিলেট রুটে স্লিপার কোচ পরিচালনার অভিযোগে সুনামগঞ্জে তিনটি পরিবহন প্রতিষ্ঠানের মালিককে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত সুনামগঞ্জের মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। রোববার বিকেলে র্যাবের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
অভিযানে অনুমোদনহীনভাবে স্লিপার কোচ পরিচালনার দায়ে বেঙ্গল পরিবহনের মালিককে ৩০ হাজার টাকা, শ্যামলী পরিবহনের মালিককে ৩০ হাজার টাকা এবং ইম্পেরিয়াল পরিবহনের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব জানায় , সিলেটের কদমতলী ও সুনামগঞ্জের মল্লিকপুর বাসস্ট্যান্ডে এসব পরিবহন প্রতিষ্ঠানকে এর আগেও একাধিকবার জরিমানা করা হয়েছিল। পাশাপাশি অনুমোদন ছাড়া স্লিপার কোচ পরিচালনা না করতে সতর্কও করা হয়। তবে এসব সতর্কতা উপেক্ষা করে তারা আবারও স্লিপার কোচ পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
পরিবহন, স্লিপার কোচ, জরিমানা, ভ্রাম্যমাণ আদালত, বাসস্ট্যান্ড