০৬ সেপ্টেম্বর ২০২৬

ব্যবসা-বাণিজ্য / অর্থনীতি

গ্যাসের বড় ঘাটতি, সিলেটের ১৭ কূপেও কমেছে উৎপাদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৬ সেপ্টেম্বর, ২০২৬ ৫:২৮ অপরাহ্ন


দেশে গ্যাসের উৎপাদন ও সরবরাহ সক্ষমতার তুলনায় বড় ঘাটতি দেখা দিয়েছে। জাতীয় পর্যায়ে দৈনিক প্রায় ১ হাজার ৫১৯ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস কম উৎপাদন হচ্ছে। এর প্রভাব পড়েছে সিলেটের গ্যাসক্ষেত্রেও। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) ১৭টি উৎপাদনশীল কূপের সক্ষমতার তুলনায় বর্তমানে গ্যাস উৎপাদন কম হচ্ছে।


বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) সর্বশেষ দৈনিক গ্যাস উৎপাদন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে ৪ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ৫ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত গ্যাস উৎপাদনের হিসাব দেওয়া হয়েছে।


পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, দেশের তিনটি রাষ্ট্রীয় গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল), সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) ও বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এর মোট ৭৬টি উৎপাদনশীল কূপ রয়েছে। এসব কূপের সম্মিলিত দৈনিক উৎপাদন সক্ষমতা ১ হাজার ১৩৯ এমএমসিএফডি। এর বিপরীতে বর্তমানে উৎপাদন হচ্ছে ৭৩২ দশমিক ৪ এমএমসিএফডি।


এর মধ্যে সিলেট গ্যাস ফিল্ডসের ১৭টি কূপের সম্মিলিত উৎপাদন সক্ষমতা ১৪৩ এমএমসিএফডি। এসব কূপ থেকে বর্তমানে দৈনিক ১৩৮ দশমিক ৮ এমএমসিএফডি গ্যাস উৎপাদন হচ্ছে। অর্থাৎ সক্ষমতার তুলনায় সিলেটের কূপগুলো থেকে প্রতিদিন ৪ দশমিক ২ এমএমসিএফডি কম গ্যাস উৎপাদন হচ্ছে।


অন্যদিকে, বিজিএফসিএলের ৪৪টি কূপের সক্ষমতা ৮৫১ এমএমসিএফডি হলেও উৎপাদন হচ্ছে ৪৮৪ দশমিক ১ এমএমসিএফডি। প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র তিতাস থেকে বর্তমানে দৈনিক ৩৩১ দশমিক ৫ এমএমসিএফডি গ্যাস উৎপাদন হচ্ছে।


বাপেক্সের ১৫টি কূপের সম্মিলিত উৎপাদন সক্ষমতা ১৪৫ এমএমসিএফডি। এর বিপরীতে উৎপাদন হচ্ছে ১০৯ দশমিক ৬ এমএমসিএফডি।


এদিকে, আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোর (আইওসি) ৪৩টি কূপের সম্মিলিত উৎপাদন সক্ষমতা ১ হাজার ৬১৫ এমএমসিএফডি। এসব কূপ থেকে বর্তমানে দৈনিক ৯০০ দশমিক ২ এমএমসিএফডি গ্যাস উৎপাদন হচ্ছে।


পেট্রোবাংলার হিসাব অনুযায়ী, দেশে গ্যাসক্ষেত্র ও আমদানিকৃত এলএনজি মিলিয়ে দৈনিক গ্যাস উৎপাদন ও সরবরাহের সক্ষমতা ৩ হাজার ৮৫৪ এমএমসিএফডি। এর বিপরীতে বর্তমানে উৎপাদন ও সরবরাহ হচ্ছে ২ হাজার ৩৩৪ দশমিক ৭ এমএমসিএফডি। ফলে সক্ষমতার তুলনায় প্রতিদিন প্রায় ১ হাজার ৫১৯ এমএমসিএফডি ঘাটতি রয়েছে।


জাতীয় পর্যায়ে গ্যাসের এই ঘাটতির মধ্যে সিলেটের গ্যাসক্ষেত্রগুলোও গুরুত্বপূর্ণ। তবে সিলেট গ্যাস ফিল্ডসের কূপগুলোতে সক্ষমতার তুলনায় উৎপাদন ঘাটতি তুলনামূলক কম হলেও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের ওপর এর প্রভাব রয়েছে।


এ ছাড়া আমদানিকৃত এলএনজি পুনঃগ্যাসীকরণের মাধ্যমে বর্তমানে দৈনিক ৭০২ দশমিক ১ এমএমসিএফডি গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। স্থানীয় গ্যাস উৎপাদন ও এলএনজি সরবরাহের মধ্যে সমন্বয় করেই জাতীয় চাহিদা পূরণের চেষ্টা চলছে।



শেয়ার করুনঃ

ব্যবসা-বাণিজ্য থেকে আরো পড়ুন

গ্যাস, উৎপাদন, পেট্রোবাংলা, সিলেট গ্যাস ফিল্ডস, জ্বালানি, ঘাটতি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ