মাধবপুরে মাদরাসাছাত্রকে বিষপানে হত্যা, মৌলভীবাজার থেকে শিক্ষক গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩০ অপরাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে ১৪ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে বিষপানে হত্যা মামলার দ্বিতীয় আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মৌলভীবাজার সদর মডেল থানায় অভিযান চালিয়ে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কেএম শহিদুল ইসলাম সোহাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তার মাহবুব আলম মাহিকে (২৪) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার এনাতাবাদ এলাকার মৃত মুকিদ মিয়ার ছেলে।
র্যাব জানায়, নিহত ওই মাদরাসাছাত্র প্রায় তিন বছর আগে উপজেলার সুলতানপুর গ্রামের হযরত আবু বকর সিদ্দিক (রা.) হিফজুল কোরআন সুন্নীয়্যাহ নূরানী মাদরাসায় কোরআনে হাফেজ হওয়ার উদ্দেশ্যে ভর্তি হন। সে সেখানে আবাসিক শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করত।
র্যাব আরও জানায়, মাদরাসার আর্থিক অনিয়ম ও শিক্ষার্থীদের জন্য সংগ্রহ করা অর্থ আত্মসাতের বিষয়ে নিহত ওই শিক্ষার্থী প্রতিবাদ করায় মাদরাসার প্রতিষ্ঠাতা আল-আমিন হোসাইন ও শিক্ষক মাহবুব আলম মাহির সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।
এর ধারাবাহিকতায় গত বছরের ২২ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে অন্য শিক্ষার্থীদের সঙ্গে ঘুমিয়ে পড়ার পর পূর্বপরিকল্পিতভাবে অজ্ঞাতনামা কয়েকজনের সহযোগিতায় আশিকুলকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে জোর করে তাকে বিষ পান করানো হয় বলে র্যাবের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পরদিন সকাল ছয়টার দিকে মাহবুব আলম মাহি নিহত ওই ছাত্রকে অচেতন ও গুরুতর অসুস্থ অবস্থায় তার বাড়িতে নিয়ে যান। সেখানে পরিবারের সদস্যদের জানান, তিনি জিনের আছর হয়েছেন।
পরে তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে রেফার করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মাধবপুর থানায় হত্যা মামলা করেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে মৌলভীবাজার সদর মডেল থানার ২ নম্বর মনুমুখ ইউনিয়নের নাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার দ্বিতীয় আসামি মাহবুব আলম মাহিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদরাসাছাত্র হত্যা, বিষপানে হত্যা, র্যাব-৯, মাহবুব আলম মাহি, মাধবপুর, হবিগঞ্জ