০৬ সেপ্টেম্বর ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / বন্যপ্রাণী সংরক্ষণ

পুটিজুরী বন বিটে চারা রোপণ ও গাছ আহরণ কার্যক্রম তদারকি

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ৬ সেপ্টেম্বর, ২০২৬ ৩:১৫ অপরাহ্ন


হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী বন বিটে ২০২৫-২৬ অর্থবছরের বাগানের শূন্যস্থানে চারা রোপণ কার্যক্রমের অগ্রগতি এবং নিলামকৃত গাছ আহরণ প্রক্রিয়া তদারকি করেছেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান।


রোববার (৬ সেপ্টেম্বর) সকালে শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জের আওতাধীন পুটিজুরী বন বিট এলাকায় পরিদর্শনে যান তিনি। এ সময় ২০২৫ সালের ১০ হেক্টর এস-আর ও ১৫ হেক্টর এল-আর বাগান সরেজমিনে ঘুরে দেখেন।


পরিদর্শনকালে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দফা উইডিং বা আগাছা পরিষ্কারের কার্যক্রম এবং বাগানের শূন্যস্থানে চারা রোপণ কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন মোহাম্মদ আবদুর রহমান। চারা রোপণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন ও রোপণ করা চারার যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।


এ সময় খাড়া গাছের নিলামকৃত লটের গাছ বিধি অনুযায়ী আহরণ নিশ্চিত করার বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।


সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান বলেন, চলতি ২০২৫-২৬ অর্থবছরে নির্ধারিত খাড়া গাছের নিলামকৃত লটের গাছ বিধি অনুযায়ী আহরণ নিশ্চিত করা হবে। পাশাপাশি বনাঞ্চলের সার্বিক রক্ষণাবেক্ষণ, প্রাকৃতিক বন রক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।


তিনি আরও বলেন, বনাঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত পরিচর্যা ও নজরদারি গুরুত্বপূর্ণ। নতুন করে চারা রোপণের পাশাপাশি বিদ্যমান বনসম্পদ সংরক্ষণেও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।



শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

পুটিজুরী বন বিট, চারা রোপণ, গাছ আহরণ, বন কর্মকর্তা, বন্যপ্রাণী সংরক্ষণ, জীববৈচিত্র্য

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ