৩০ আগস্ট ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

নবীগঞ্জে পাওনা ২০ হাজার টাকা নিয়ে বিরোধ, ভাইয়ের ছুরিকাঘাতে তরুণী নিহত

প্রতিনিধি, নবীগঞ্জ, হবিগঞ্জ

প্রকাশঃ ৩০ আগস্ট, ২০২৬ ১:৪৬ অপরাহ্ন


পাওনা ২০ হাজার টাকা ফেরত চাওয়া নিয়ে ভাই-বোনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ২২ বছরের শাবানা বেগম। স্থানীয় লোকজন তাকে নৌকায় করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতাল পর্যন্ত পৌঁছানোর আগেই নৌকায় তার মৃত্যু হয়। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর এলাকায় শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।


নিহত শাবানা বেগম ওই গ্রামের আফজল মিয়ার মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত তার বড় ভাই শাহিন মিয়া (২৬)। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে।


পুলিশ জানায়, শাহিনের কাছে শাবানা ৪০ হাজার টাকা জমা রেখেছিলেন। পরে প্রয়োজনের সময় সেখান থেকে ২০ হাজার টাকা নিয়ে নেন শাবানা। বাকি ২০ হাজার টাকা শাহিনের কাছে ছিল। সম্প্রতি ওই টাকা ফেরত চাওয়া নিয়ে ভাই-বোনের মধ্যে বিরোধ তৈরি হয়।


এ বিরোধের মধ্যেই গত শুক্রবার ঢাকা থেকে বাড়িতে ফেরেন শাহিন। তিনি সেখানে রাজমিস্ত্রির কাজ করতেন। শাবানাও তখন বাবার বাড়িতে ছিলেন।


শনিবার সন্ধ্যায় পাওনা টাকা ফেরত দেওয়া নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শাহিন ছুরি দিয়ে শাবানাকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি।


পরে স্থানীয় লোকজন শাবানাকে উদ্ধার করে নৌকায় করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই নৌকার মধ্যে তার মৃত্যু হয়।


খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। তারা মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেন। একই সঙ্গে ঘটনার পর থেকে পলাতক শাহিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসেন বলেন, ‘অভিযুক্ত শাহিন মিয়াকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। ঘটনার প্রকৃত কারণ ও এর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

নবীগঞ্জ, হবিগঞ্জ, শাবানা বেগম, ভাইয়ের ছুরিকাঘাত, তরুণী নিহত, ২০ হাজার টাকা, দীঘলবাক, মাধবপুর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ