কমলগঞ্জ সীমান্ত দিয়ে ৩ জনকে পুশ-ইন করলো বিএসএফ
অপরাধ-বিচার
প্রকাশঃ ৩০ আগস্ট, ২০২৬ ১:৩১ অপরাহ্ন
জীবিকার আশায় প্রায় দুই মাস আগে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন তারা। শনিবার ভোরে সীমান্ত পেরিয়ে আবার বাংলাদেশে ফিরতে হলো তাদের। তবে নিজেদের ইচ্ছায় নয়। মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে দুই নারীসহ তিন বাংলাদেশি নাগরিককে বিএসএফ বাংলাদেশে ঠেলে দিয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। পরে সীমান্তসংলগ্ন এলাকায় তাদের দেখতে পেয়ে স্থানীয় লোকজন আটক করেন। খবর পেয়ে আনসার সদস্যরা তাদের উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
গতকাল শনিবার উপজেলার আলীনগর ইউনিয়নের বকসি টিলা সীমান্তসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে সকাল সোয়া নয়টার দিকে তিনজনকে কমলগঞ্জ থানায় নেওয়া হয়।
আটক ব্যক্তিরা হলেন নড়াইল সদর উপজেলার সিঙ্গাসুরপুর গ্রামের এমাদুল মোল্লার ছেলে রানা মোল্লা (২৪), তার স্ত্রী মাহমুদা আক্তার লিমা (২২) এবং খুলনার বেজেরডাঙ্গা গ্রামের এমাদুল হাওলাদারের মেয়ে ময়না খাতুন (২০)।
কমলগঞ্জ থানা পুলিশ জানায়, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধীন দেবলছড়া বিওপির সীমান্ত এলাকার কোনো একটি স্থান দিয়ে শনিবার ভোরে তাদের বাংলাদেশে পাঠানো হয়। পরে সকাল সাড়ে সাতটার দিকে বকসি টিলা এলাকায় স্থানীয় লোকজন তিনজনকে দেখতে পান। তাদের সন্দেহ হওয়ায় স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করেন। পরে তাদের কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে তিনজনই প্রায় দুই মাস আগে জীবিকার সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে জানিয়েছেন।
তারা জানান, শনিবার ভোররাতে বিএসএফ সদস্যরা তাদের চোখ বেঁধে সীমান্তের বকসি টিলা এলাকা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়।
তিনজনকে হঠাৎ সীমান্ত এলাকায় ফেলে যাওয়ার পর স্থানীয় লোকজনের কাছে তারা আটকা পড়তে হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের থানায় নিয়ে যান। এখন পরিবারের কাছে ফেরার অপেক্ষায় রয়েছেন তারা।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন রোববার বলেন, ‘আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করে তারা বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ এবং পরে বাংলাদেশে ফিরে আসার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।’
কমলগঞ্জ সীমান্ত, মৌলভীবাজার, বিএসএফ, পুশ ইন, বিজিবি, বাংলাদেশি নাগরিক, সীমান্ত, তিনজন আটক