শাবিপ্রবিতে ভর্তিতে সিলেট বিভাগের অবস্থান তৃতীয়, শীর্ষে চট্টগ্রাম
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২৯ আগস্ট, ২০২৬ ৯:২২ অপরাহ্ন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তিতে সিলেট বিভাগের অবস্থান তৃতীয়। বিশ্ববিদ্যালয়টি সিলেটে অবস্থিত হলেও এবার সবচেয়ে বেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগ থেকে। এরপর রয়েছে ঢাকা বিভাগ। শাবিপ্রবির ভর্তি-সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শাবিপ্রবিতে মোট ১ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চট্টগ্রাম বিভাগ থেকে ৩৬২ জন, ঢাকা বিভাগ থেকে ৩২৫ জন এবং সিলেট বিভাগের রয়েছেন ২৯৮ জন শিক্ষার্থী।
তথ্য অনুযায়ী, বিভাগ ভিত্তিক পরিসংখ্যানে এ বছর শিক্ষার্থীদের দিক থেকে পিছিয়ে রয়েছে বরিশাল বিভাগ। এ বিভাগ থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন মোট ৫৩ জন শিক্ষার্থী।
জেলাভিত্তিক হিসেবে, সিলেট জেলার ১৩২ জন, সুনামগঞ্জের ৬৫ জন, মৌলভীবাজারের ৫১ জন এবং হবিগঞ্জ জেলার ৫০ জন শিক্ষার্থী চলতি বছরে শাবিপ্রবিতে ভর্তি হয়েছেন।
অন্যদিকে, ভর্তির দিক থেকে শীর্ষে থাকা চট্টগ্রাম বিভাগের ৩৬২ জনের মধ্যে চট্টগ্রাম জেলা থেকে ৮৮ জন, কুমিল্লা থেকে ৭৪ জন এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে ৫৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। তাছাড়া বিভাগের অন্যান্য জেলা থেকেও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার জন্য ভর্তি হয়েছেন।
এ বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তির দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগ ভর্তি হয়েছেন ৩২৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ঢাকা জেলা থেকে ৮৬ জন, কিশোরগঞ্জ থেকে ৪৯ জন এবং নরসিংদী থেকে ৪৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
এদিকে সিলেটের পর বিভাগভিত্তিক ভর্তিতে রয়েছে ময়মনসিংহ বিভাগ। এ বিভাগের চার জেলা থেকে চলতি বছরে ১৭২ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
এছাড়া অন্যান্য বিভাগের মধ্যে রংপুর বিভাগের ১৬২ জন, রাজশাহীর ১৫৪ এবং খুলনা বিভাগ থেকে ১০৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
শাবিপ্রবি, ভর্তি, শিক্ষার্থী, চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগ, সিলেট বিভাগ