গোয়াইনঘাটে ৩১ বস্তা ভারতীয় জিরা ও নৌকা জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৯ আগস্ট, ২০২৬ ৬:১৬ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা ৩১ বস্তা জিরা এবং পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত বারকি নৌকা জব্দ করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। জব্দকৃত জিরা ও নৌকার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ভারত থেকে অবৈধভাবে জিরার একটি চালান নিয়ে চোরাকারবারিরা নদীপথে বাংলাবাজারে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহলদল গোয়াইন নদী এলাকায় অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের গোয়াইন নদীর তিতরাই থেকে গোয়াইন নদীর ব্রিজ এলাকা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ও নৌকা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ওই বারকি নৌকায় তল্লাশি চালিয়ে অবৈধভাবে আনা ৩১ বস্তা ভারতীয় জিরা ও নৌকাটি জব্দ করে পুলিশ।
অভিযান পরিচালনা করেন গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার ফয়েজ, এসআই (নিরস্ত্র) মো. মহি উদ্দিন এবং সঙ্গীয় অফিসার এএসআই পবিত্র দাস, সাধন চন্দ্র, নারায়ণ দাস ও তাপস কুমার মল্লিক।
এ ঘটনায় গোয়াইনঘাট থানার এসআই (নিরস্ত্র) মহি উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। জব্দকৃত ৩১ বস্তা জিরা ও বারকি নৌকার বিষয়ে প্রচলিত আইন ও বিধি মোতাবেক প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব না হলেও এই চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে তৎপরতা অব্যাহত রয়েছে।
গোয়াইন নদী, জিরা, চোরাচালান, পুলিশ, জব্দ, মামলা