৩০ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

সিলেট সীমান্তে বেড়েছে নজরদারি, একরাতে ২৯ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

প্রকাশঃ ২৯ আগস্ট, ২০২৬ ১:২৩ অপরাহ্ন


সিলেটের সীমান্তপথে চোরাচালান ঠেকাতে অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় জেলার সীমান্তবর্তী পাঁচটি এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৯ লাখ টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। এসব অভিযানে ভারতীয় পণ্যসহ অবৈধভাবে বালু-পাথর পরিবহনে ব্যবহৃত একটি বাংলাদেশি ইঞ্জিনচালিত নৌকাও আটক করা হয়েছে।


শনিবার (২৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে তামাবিল, প্রতাপপুর, বাংলাবাজার, বিছনাকান্দি ও সংগ্রাম বিওপির দায়িত্বাধীন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।


বিজিবি সূত্রে জানা গেছে, পৃথক অভিযানে ভারতীয় জিরা, কম্বল, বিভিন্ন ধরনের ফল, প্রসাধনী সামগ্রী, পান মসলা ও সুপারি জব্দ করা হয়। এ সময় ভারতীয় গরুও আটক করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে বালু-পাথর বহনের অভিযোগে একটি বাংলাদেশি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়। জব্দ করা পণ্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ২৯ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।


সিলেটের সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে বিভিন্ন সময় ভারতীয় পণ্য চোরাচালানের অভিযোগ ওঠে। পাশাপাশি অবৈধভাবে বালু-পাথর পরিবহনের ঘটনাও ঘটে। এসব তৎপরতা ঠেকাতে সীমান্তে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারি চালাচ্ছে বিজিবি।


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।


তিনি আরও জানান, আটক করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সীমান্ত, চোরাচালান, বিজিবি, পণ্য জব্দ, অবৈধ বালু-পাথর, নজরদারি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ