৩০ আগস্ট ২০২৬

রাজনীতি / সরকার

আইন-শৃঙ্খলা পর্যালোচনা ও ড্রোন স্কুল উদ্বোধনে মঙ্গলবার সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৮ আগস্ট, ২০২৬ ২:১৫ অপরাহ্ন

ছবিঃ নিজস্ব প্রতিবেদক

আগামী মঙ্গলবার (১ সেপ্টেম্বর) একদিনের সরকারি সফরে সিলেট আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে মন্ত্রীর এই সফরসূচি নিশ্চিত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবারের মতো সিলেট আসছেন তিনি।


সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে সিলেটের উদ্দেশে রওনা হবেন স্বরাষ্ট্রমন্ত্রী। বেলা ১১টা ২০ মিনিটে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন এবং সেখান থেকে সরাসরি সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তরের উদ্দেশে যাত্রা করবেন।


বিজিবি সেক্টর সদর দপ্তরে চা-বিরতি শেষে দুপুর ১২টা ১০ মিনিটে ‘শিমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ (এসএসএসডিডব্লিউ)-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও স্থিরচিত্র পর্বে অংশগ্রহণ করবেন মন্ত্রী। এরপর দুপুর সাড়ে ১২টায় তিনি এই প্রশিক্ষণ কেন্দ্রটি পরিদর্শন করবেন এবং বেলা ১২টা ৫০ মিনিটে আয়োজিত ড্রোন প্রদর্শনী উপভোগ করবেন।


দুপুর ১টা ২০ মিনিটে বিজিবি সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেস ব্রিফিং করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর দুপুর ১টা ৫০ মিনিটে বিজিবি অফিসার্স মেসে মধ্যাহ্নভোজ ও জোহরের নামাজ আদায় করবেন তিনি।


বিকেল সাড়ে ৩টায় সিলেট সার্কিট হাউজে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সিলেট জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন সংক্রান্ত বিশেষ পর্যালোচনা সভায় অংশগ্রহণ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।


দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন তিনি।


এই সফরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া, সিনিয়র সচিবের একান্ত সচিব মো. শিমুল আকতার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার ফয়সল হাসান।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রী, আইন-শৃঙ্খলা, ড্রোন স্কুল, সিলেট সফর, বিজিবি, পর্যালোচনা সভা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ