সিলেটে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৩৩৫
যাপিতজীবন
প্রকাশঃ ২৭ আগস্ট, ২০২৬ ১২:৫২ অপরাহ্ন
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের সন্দেহভাজন ৩৩৫ রোগী চিকিৎসাধীন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ২৭ আগস্টের হাম ও রুবেলা রোগের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো রোগীর হাম নিশ্চিত হয়নি। তবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা ১ হাজার ২৫ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহে হাসপাতালে ভর্তি হওয়া ১০২ জনের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩২ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮ জন রয়েছেন। এছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের সন্দেহে চিকিৎসাধীন রয়েছেন ৩৩৫ জন। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১৪ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০৪ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ৫ জন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮ জন রয়েছেন। বিয়ানীবাজার ও জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাক্রমে ৪ ও ১ জন চিকিৎসাধীন।
এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২০ জন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৮ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৬ জন হামের সন্দেহভাজন রোগী ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহে দুজনের মৃত্যুর তথ্য দেওয়া হয়েছে। তাদের একজন হবিগঞ্জের এবং অন্যজন সুনামগঞ্জের বাসিন্দা।
জেলা অনুযায়ী, এ পর্যন্ত সিলেট বিভাগে হামের সন্দেহে মোট ১৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ৫৩ জন, হবিগঞ্জে ১৬ জন, মৌলভীবাজারে ১২ জন এবং সুনামগঞ্জে ৫৭ জন মারা গেছেন।
অন্যদিকে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে এ পর্যন্ত সিলেট বিভাগে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ৪ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ১ জন ও সুনামগঞ্জে ১ জন। সন্দেহভাজন ও নিশ্চিত—দুই হিসাব মিলিয়ে বিভাগে হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮ জনে।
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর মধ্যে সিলেটে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন। হবিগঞ্জের নিশ্চিত রোগীদের মধ্যে রুবেলার দুজন রোগীও রয়েছে।
সিলেট বিভাগে হাম, হামে মৃত্যু, হাম রোগী, সুনামগঞ্জে হাম, হবিগঞ্জে হাম, মৌলভীবাজারে হাম, সিলেটের স্বাস্থ্য পরিস্থিতি, হাম আক্রান্ত