সিলেট বিভাগে হামে মৃত্যু বেড়ে ১৪৬, একদিনে ভর্তি ১২৬ রোগী
যাপিতজীবন
প্রকাশঃ ২৬ আগস্ট, ২০২৬ ১:০২ অপরাহ্ন
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত সন্দেহে ১২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একই সময়ে সন্দেহজনক হামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হামে সন্দেহজনক ও নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৬ জনে। বুধবার (২৬ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের সন্দেহে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১২৬। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬১ জন, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ২ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ৯ জন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের সন্দেহে চিকিৎসাধীন রয়েছেন মোট ৩২০ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩০ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১৮ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৫ জন, বিয়ানীবাজারে ৪ জন, জকিগঞ্জে ১ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২০ জন, জামালগঞ্জে ২ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ৮ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১৯ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে একজনের মৃত্যু হয়েছে। মৃত শিশুটির বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলায়, সে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫ জনে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হয়েছেন।
হাম, মৃত্যু, রোগী, স্বাস্থ্য, হাসপাতাল, জৈন্তাপুর