১৬ আগস্ট ২০২৬

সিলেটজুড়ে

রাষ্ট্র মেরামতে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করছে বিএনপি: মিফতাহ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৬ আগস্ট, ২০২৬ ৫:০৭ অপরাহ্ন


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী বলেছেন, রাষ্ট্র মেরামতের লক্ষ্য নিয়ে বিএনপি দীর্ঘদিন ধরে সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে দলটি ভিশন ২০৩০ ঘোষণা করেছিল। পরে রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারের জন্য ২৭ দফা এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে ৩১ দফা রূপরেখা তৈরি করা হয়।


গতকাল শনিবার রাতে সিলেট নগরের জিন্দাবাজারের একটি কনফারেন্স হলে আয়োজিত ‘টি উইথ মিফতাহ সিদ্দিকী’ অনুষ্ঠানে ‘বিএনপি ভিশন, তারেক রহমানের পরিকল্পনা ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে সিলেটস্থ দিরাই-শাল্লা ন্যাশনালিস্ট ফোরাম।


মিফতাহ সিদ্দিকী বলেন, বিএনপি শুধু ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেয়নি, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও দলটির নিজস্ব পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের প্রত্যাশার বাংলাদেশ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।


তিনি বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে বৈষম্য থাকবে না, গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে এবং মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত হবে। একই সঙ্গে ধনী ও দরিদ্রের বৈষম্য কমিয়ে শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হক।


এ সময় দিরাই শাল্লা ন্যাশনালিস্ট ফোরামের আহ্বায়ক গোলাপ মিয়া, সদস্য সচিব কামরুল ইসলাম, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইফতেখার মো. নাবিল চৌধুরী, কুলঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শিহাব আহমেদ, দিরাই কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সাদিকুর রহমান ও চরনারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রতন তালুকদারসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

সিলেটজুড়ে থেকে আরো পড়ুন

মিফতাহ সিদ্দিকী, বিএনপি, বিএনপির ভিশন-২০৩০, ৩১ দফা, ২৭ দফা, তারেক রহমান, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামত, সিলেট ওয়াসা, সিলেট বিএনপি, দিরাই-শাল্লা ন্যাশনালিস্ট ফোরাম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ