১৬ আগস্ট ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

রাজনগরে চা বাগানে যুবক ও যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, মৌলভীবাজার

প্রকাশঃ ১৬ আগস্ট, ২০২৬ ৩:০৩ অপরাহ্ন


মৌলভীবাজারের রাজনগর উপজেলার মাথিউড়া চা বাগান থেকে এক যুবক ও এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে বাগানের ২০ নম্বর সেকশনের একটি গাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।


নিহত দুইজন হলেন রাজনগর উপজেলার উদনা চা বাগান এলাকার মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২)। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন।


স্থানীয়ের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রোববার সকালে মাথিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশনের বাগান পাহারাদার স্বপন রাজভর মোকাম আকাশি টিলা এলাকায় যান। সেখানে একটি নিমগাছের সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় মঙ্গল ও বিনতার মরদেহ দেখতে পান তিনি। পরে বিষয়টি বাগান কর্তৃপক্ষকে জানানো হলে তারা পুলিশকে খবর দেয়।


খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে।


পুলিশ আরও জানায়, মঙ্গল বাউরী ও বিনতা বাউরী প্রায় এক মাস আগে কোর্ট ম্যারেজ করেন। তবে দুজনেরই আগে বিয়ে হয়েছিল এবং তাদের সন্তানও রয়েছে। নতুন করে বিয়ের বিষয়টি নিয়ে তাদের পরিবারে বিরোধ তৈরি হয়। এর জেরেই তারা আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।


রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যা। তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। এরই সূত্র ধরে ঘটনাটি ঘটতে পারে।


মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে পরবর্তী কার্যক্রমও নেওয়া হবে।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

মৌলভীবাজার, রাজনগর, মাথিউড়া চা বাগান, যুবক-যুবতীর মরদেহ, ঝুলন্ত মরদেহ, মঙ্গল বাউরী, বিনতা বাউরী, চা বাগান, আত্মহত্যা, রাজনগর থানা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ