১৫ আগস্ট ২০২৬

দৈনন্দিন / নগরজীবন

চিকিৎসাসেবার মান উন্নয়নে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে সমন্বয় কমিটির সভা

প্রতিনিধি, বানিয়াচংয়, হবিগঞ্জ

প্রকাশঃ ১৫ আগস্ট, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ন


হবিগঞ্জের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হাসপাতালের নানাবিধ সংকট ও অনিয়মের বিষয় তুলে ধরে সেবার মান উন্নয়ন চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা, পরিচ্ছন্নতা, খাবারের মান, বিদ্যুৎ ও নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।


শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। 


সভাটি সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা. শামীমা আক্তার।


সভায় হাসপাতালের সার্বিক পরিস্থিতি তুলে ধরে ইউএইচও ডা. শামীমা আক্তার জানান, হাসপাতালের এক্সরে মেশিনটি সম্পূর্ণ নষ্ট হয়ে আছে। পাশাপাশি প্রয়োজনের তুলনায় চিকিৎসক অপ্রতুলসহ বিভিন্ন সমস্যার কথা তিনি তুলে ধরেন। হাসপাতালের বিদ্যমান সংকট, সীমাবদ্ধতা ও সম্ভাবনা নিয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়।


ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, ‘আমি একজন চিকিৎসক হিসেবে জানি, কোথায় কী সমস্যা রয়েছে। আমার হাওর এলাকার মানুষ হাসপাতালে এসে যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সেটিই আমার লক্ষ্য।’


তিনি বলেন, সরকারি স্বাস্থ্যসেবার সুবিধা নিতে আসা নারী-পুরুষ কোনোভাবেই নাগরিক অধিকার থেকে বঞ্চিত হতে পারেন না। রোগীদের যথাযথ সেবা নিশ্চিত করতে ইউএইচওসহ সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন তিনি।


তিনি আরও বলেন, হাসপাতালটি এ এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নিতে হবে।


সভায় হাসপাতালের জরুরি বিভাগে সেবার মান উন্নত করা, বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা এবং রোগীদের সরবরাহ করা খাবারের মান নিয়ে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন এমপি। একই সঙ্গে দায়িত্বে থাকা চিকিৎসকদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করা, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।


তাছাড়া হাসপাতালের পরিবেশ রোগীবান্ধব ও পরিচ্ছন্ন রাখার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সভায় হাসপাতালের সমস্যা সমাধানে শুধু আলোচনা নয়, কমিটির সদস্যদের নিয়ে উন্মুক্ত মতবিনিময়ের মাধ্যমে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস দেন এমপি। 


সভায় বক্তব্য দেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মহিবুর রহমান বাবলু, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক শেখ বশীর আহমদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুন্নাহার জলি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম এ হাদী, সহকারী প্রকৌশলী শাখাওয়াত হোসেনসহ কমিটির অন্যান্য সদস্যরা।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

চিকিৎসাসেবার মান, স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যবস্থাপনা সমন্বয় কমিটি, বানিয়াচং, হবিগঞ্জ, সংসদ সদস্য

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ