১৫ আগস্ট ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / বন্যপ্রাণী সংরক্ষণ

সিলেটে ৫ বছরে এক কোটি ২৫ লাখের বেশি গাছ লাগানো হবে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৫ আগস্ট, ২০২৬ ৯:১৫ অপরাহ্ন


সিলেটে আগামী ৫ বছরে এক কোটি ২৫ লাখের বেশি গাছ রোপনের পরিকল্পনার কথা জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। শনিবার (১৫ আগস্ট) বিকেলে সিলেট বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। পরে ফিতা কেটে বৃক্ষমেলার উদ্বোধন করেন মন্ত্রী। 

 

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘গাছ হচ্ছে পরিবেশের ব্যালেন্স (ভারসাম্য)। মানুষ তার শ্বাস-প্রশ্বাসের মধ্যে অক্সিজেন নেয় আর যেটা নিঃশ্বাসের সাথে ত্যাগ করে তা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কিন্তু গাছ এর ঠিক বিপরীত কাজটি করে। গাছ অক্সিজেন ত্যাগ করে বাতাসে ছাড়ে আর শুষে নেয় কার্বন ডাইঅক্সাইড ।’

 

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘সরকারের একটা বিঘোষিত লক্ষ্য, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন যে, পাঁচ বছর মেয়াদে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানো হবে। এবং সিলেটেও সেই লক্ষ্যে একটি বড় পরিকল্পনা নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমরা ২৫ কোটি গাছ না, তাঁর মেয়াদকালের মধ্যে এই লক্ষ্য ছাড়িয়ে আরও অনেক বেশি কোটি গাছ উৎসাহন করব।’

 

মন্ত্রী বলেন, ‘সিলেটে ১ কোটি ২৫ লাখ টার্গেট, ইনশাআল্লাহ পাঁচ বছরে তার থেকে বেশি লাগাবো আমরা। যে কতটি খাল খনন হবে তার দুই পাড়ে কাজ হবে। অন্যান্য যতগুলি ডেভেলপমেন্ট ওয়ার্ক হবে সেখানেও কাজ হবে।’

 

তিনি বলেন, ‘বিভিন্ন কারণেই যে সমস্ত জায়গায় দেখা যায় যে, বনায়ন মতো হয় না, ঠিকমতো বৃক্ষরোপণ হয় না, সেখানেই পরিবেশের বিপর্যয় আমরা দেখি ।’

 

জলাবদ্ধতা নিরসনের বিষয়ে মন্ত্রী বলেন, সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসনের জন্য যে একটি বিশাল প্রকল্প হাতে নিচ্ছেন, প্রায় ১৭ কিলোমিটার সুরমার পাড় ধরে দুই পাড়ে একটা স্ট্র্যাচ রাস্তা হবে। সেখানেও ইনশাআল্লাহ বিপুল পরিমাণে গাছ লাগানো হবে।’ 

 

তিনি জানান, সিলেট সিটি করপোরেশনের প্রশাসকের টার্গেট হচ্ছে ২৫ লক্ষ গাছ লাগানো। এ সময় তিনিও তার টার্গেট অতিক্রম করবেন বলে আশা করেন মন্ত্রী। 

 

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তাদির বলেন, আজকে ১৫ই আগস্ট। বাংলাদেশের সবথেকে জনপ্রিয়তম মানুষদের একজন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে জন্মবার্ষিকী।’

 

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সেই উপলক্ষে আজকে আসরের পরে একাধিক জায়গায় তাঁর জন্য দোয়া মাহফিল হবে। সেরকম মাহফিলে যোগ দেয়ার জন্য এখান থেকে অনেকেই যাবেন, আমি নিজেও যাবো।’ 

 

সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) আব্দুল্লাহ আল মামুনের সভাপিত্বে অনুষ্ঠানে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।  


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

বৃক্ষরোপণ, বাণিজ্যমন্ত্রী, খন্দকার আব্দুল মুক্তাদির, পরিবেশ, সিলেট সিটি কর্পোরেশন, জলাবদ্ধতা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ