১৫ আগস্ট ২০২৬

রাজনীতি / সরকার

মৌলভীবাজারে দেড় হাজার কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী মীর শাহ আলম

প্রতিনিধি, মৌলভীবাজার

প্রকাশঃ ১৪ আগস্ট, ২০২৬ ৬:১২ অপরাহ্ন

ছবিঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলম

সিলেট বিভাগের উন্নয়নের জন্য সাড়ে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলম। তিনি বলেন, এই বরাদ্দের মধ্যে প্রায় দেড় হাজার কোটি টাকার উন্নয়নকাজ হবে মৌলভীবাজারে। সরকার আগামী পাঁচ বছরের কথা মাথায় রেখে এসব উন্নয়নকাজ বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।


শুক্রবার (১৪ আগস্ট) শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটরিয়ামে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ বিএনপি আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী মীর শাহ আলম বলেন, চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে নির্বাচন কমিশন প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নিচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর অনুমোদন বা ক্লিয়ারেন্স পাওয়া গেলেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানান তিনি।


তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য বিপুল অর্থের প্রয়োজন হবে। তাই সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রয়োজনীয় ক্লিয়ারেন্স পাওয়ার পরই তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


জনগণের আস্থা অর্জনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ভোটে কোনো ধরনের কারচুপি নয়, উন্নয়ন ও জনকল্যাণের কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চায় সরকার।


আলোচনা সভায় প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী চার বছরের মধ্যে দেশের পাঁচ কোটি পরিবারের সব নারীর হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এই কর্মসূচির আওতায় সবাই থাকবেন বলে জানান তিনি। কেউ কার্ডের সুবিধা গ্রহণ না করে বরাদ্দের অর্থ রাষ্ট্রীয় তহবিলে জমা দিলে সেটি তার নিজস্ব সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন তিনি।


সভায় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমানসহ স্থানীয় নেতারা। আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


এর আগে শুক্রবার সকালে শ্রীমঙ্গল-রাধানগর সড়কের উন্নয়নকাজ পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী বলেন, শ্রীমঙ্গলের পর্যটন শিল্পকে আরও বিকশিত করতে একটি সমন্বিত মাস্টার প্ল্যান তৈরি করা হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করে পরিকল্পনাটি প্রস্তুত করা হবে বলে জানান তিনি।


তিনি বলেন, পরিকল্পিতভাবে পর্যটন অবকাঠামোর উন্নয়ন করা হলে দেশ-বিদেশের পর্যটকেরা নির্বিঘ্নে শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। মৌলভীবাজার তথা শ্রীমঙ্গলের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে সমন্বিতভাবে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেন তিনি।


সকাল সাড়ে ১১টার দিকে প্রতিমন্ত্রী শ্রীমঙ্গল-রাধানগর-মহাজেরাবাদ সড়কের নির্মাণকাজ পরিদর্শন করেন। এরপর তিনি শ্রীমঙ্গল শিশু উদ্যান, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মাণাধীন বহুতল ভবন, কলেজ রোডের ময়লার ভাগাড় এবং শ্রীমঙ্গল পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন।


এ সময় তাঁর সঙ্গে ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান, বিএনপি নেতা সরফরাজ আলী সর্ফুসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

উন্নয়ন, বরাদ্দ, স্থানীয় সরকার, নির্বাচন, ফ্যামিলি কার্ড, বিএনপি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ