১১ আগস্ট ২০২৬

মুক্তমত / চিঠিপত্র

এমপি নাসিরের উদ্দেশ্যে শিশির মনির

এই বয়সে আপনাকে নিয়ে এগুলো হ‌ওয়ার কথা না, এখানেই ইতি টানুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১১ আগস্ট, ২০২৬ ৮:৩১ অপরাহ্ন

ছবিঃ শিশির মনিরের পাঠানো খোলা চিঠি এবং নাসির চৌধুরীর সঙ্গে এক সাক্ষাতকালে শিশির মনির। সংগৃহীত

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরীকে ঘিরে চলমান পরিস্থিতিতে বিষয়টি আর না বাড়িয়ে সমঝোতার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোটের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। মঙ্গলবার (১১ আগস্ট) নাসির উদ্দিন চৌধুরীর উদ্দেশে দেওয়া এক খোলা চিঠিতে তিনি এ আহ্বান জানান। 


খোলা চিঠিতে শিশির মনির লিখেছেন, ‘এই বয়সে আপনাকে নিয়ে এগুলো হ‌ওয়ার কথা না। আপনার লজ্জা আর আমাদের লজ্জা মিলেমিশে একাকার।’


খোলা চিঠিতে শিশির মনির বলেন, বিষয়টি শুরুতে নাসির উদ্দিন চৌধুরীর পারিবারিক বিষয় হলেও এখন তা আর পরিবারের মধ্যে সীমাবদ্ধ নেই। দেশজুড়ে আলোচনার বিষয়ে পরিণত হওয়ায় দিরাই-শাল্লার মানুষ হিসেবে উদ্বিগ্ন বলে চিঠিতে উল্লেখ করেন শিশির মনির।


চিঠিতে মোহাম্মদ শিশির মনির লেখেন, ‘আমি জানি এই চিঠি পড়ে কার্যকর ব্যবস্থা নেয়ার মত শারীরিক/মানসিক অবস্থা আপনার নাই। তথাপি আপনার প্রিয়জনরা হয়ত আপনাকে অবগত করবেন।’


চিঠিতে তিনি আরও লেখেন, ‘বিষয়টি ছিল একান্তই আপনার পারিবারিক। কিন্তু বর্তমানে আর পরিবারের মধ্যে সীমাবদ্ধ নেই। দেশজুড়ে আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। যেখানেই যাই মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করে-জানতে চায়। কারণ আমি দিরাই-শাল্লার মানুষ। এটি আমাদের সম্মিলিত লজ্জা। এই বয়সে আপনাকে নিয়ে এগুলো হ‌ওয়ার কথা না। আপনার লজ্জা আর আমাদের লজ্জা মিলেমিশে একাকার। আপনি আমাদের নির্বাচিত নেতা। তাই আমরা যার পর নাই উদ্বিগ্ন।’


নাসির উদ্দিন চৌধুরীর বিভিন্ন সময়ে মানুষের সমস্যা সমাধানে ভূমিকার কথাও চিঠিতে উল্লেখ করেন শিশির মনির। তিনি লেখেন, ‘আপনি কত মানুষের সমস্যার সমাধান করেছেন আর আজ আপনিই আলোচনার কেন্দ্রবিন্দু।’


চলমান পরিস্থিতির অবসান ঘটাতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘তাই বিষয়টি আর বাড়তে দেয়া ঠিক হবে না। এখানেই ইতি টানুন। নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করে নেন। এই প্রত্যাশায়।’


শেয়ার করুনঃ

মুক্তমত থেকে আরো পড়ুন

সংসদ সদস্য, নাসির উদ্দিন চৌধুরী, শিশির মনির, খোলা চিঠি, দিরাই-শাল্লা, আইনজীবী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ