জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ১১ আগস্ট, ২০২৬ ৭:১৫ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মো. করিম মাহমুদ লিমন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেনের সার্বিক পরিচালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি ও সমাজসেবক ইমান আলী, মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য রুকুনুজ্জামান রুকন এবং মুসলিমনগর সূর্য তরুণ সমাজ কল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মো. করিম মাহমুদ লিমন বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফুটবল আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। এ ধরনের টুর্নামেন্ট শিক্ষার্থীদের মাঝে ঐক্য, শৃঙ্খলা ও প্রতিযোগিতার মনোভাব তৈরি করবে এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে সাহায্য করবে।’
উদ্বোধনী ম্যাচে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। ম্যাচে দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্য ও টানটান উত্তেজনাপূর্ণ লড়াই উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের আনন্দ দেয়।
এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
ফুটবল টুর্নামেন্ট, মুসলিমনগর উচ্চ বিদ্যালয়, জাফলং, শিক্ষার্থী, খেলাধুলা, গোয়াইনঘাট