১২ আগস্ট ২০২৬

খেলাধুলা-বিনোদন / খেলাধুলা

সস্ত্রীক প্রাণনাশের হুমকি পেয়ে পুলিশের শরণাপন্ন সৌরভ গাঙ্গুলী

ভয়েস স্পোর্টস ডেস্ক

প্রকাশঃ ১১ আগস্ট, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ন


সস্ত্রীক প্রাণনাশের হুমকি পেয়ে পুলিশের শরণাপন্ন হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি সৌরভ গাঙ্গুলী। তার কার্যালয়ে আসা দুটি চিঠিতে তাকে ও তার স্ত্রী ডোনা গাঙ্গুলীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের স্বজন ও ঘনিষ্ঠজনদের ক্ষতি করার হুমকিও দেওয়া হয়।


গতকাল সর্বশেষ হুমকিসূচক চিঠি পাওয়ার পর দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ করেন সৌরভের ব্যবস্থাপক। অভিযোগ পাওয়ার পর কে বা কারা এসব চিঠি পাঠিয়েছে, তা খুজে বের করতে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।


পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকমাস ধরে সৌরভের কাছে হুমকিসূচক চিঠি আসছিল। তবে সর্বশেষ দুটি চিঠিতে সরাসরি প্রাণনাশের হুমকি পাওয়ার পর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তে নামে পুলিশ।


পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। চিঠির ভাষা, কোথা থেকে পাঠানো হয়েছে এবং কুরিয়ার সার্ভিসের তথ্য যাচাই করে হুমকিদাতাকে শনাক্তের চেষ্টা চলছে।


প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, চিঠি দুটি উত্তর চব্বিশ পরগনা জেলার বেলঘরিয়া এলাকার এক ব্যক্তি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকতে পারেন। পার্সেলের তথ্য সংগ্রহের পাশাপাশি সংশ্লিষ্ট কুরিয়ার প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গেও কথা বলেছেন তদন্তকারীরা।


পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন প্রেরকের ব্যবহৃত একটি মুঠোফোন নম্বর শনাক্ত করা হয়েছে। নম্বরটির বর্তমান অবস্থান ও গতিবিধি নজরদারিতে রাখা হয়েছে।


সবকটি হুমকিসূচক চিঠি একই ব্যক্তির পাঠানো কি না, এবং সৌরভ ও তার স্ত্রীকে প্রাণনাশের হুমকি দেওয়ার পেছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

সৌরভ গাঙ্গুলী, ডোনা গাঙ্গুলী, সৌরভকে প্রাণনাশের হুমকি, সৌরভ গাঙ্গুলীর হুমকি, সৌরভ গাঙ্গুলী খবর, কলকাতা পুলিশ, প্রাণনাশের হুমকি, হুমকির চিঠি, ক্রিকেট, সিএবি, সৌরভ গাঙ্গুলী স্ত্রী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ