০৬ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

অনৈতিক অবস্থায় আটক, চুনারুঘাটে জামায়াত নেতা সাজল দল থেকে বহিষ্কার

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ৬ আগস্ট, ২০২৬ ৬:১৪ অপরাহ্ন


নারী-সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের আমির নুরুল ইসলাম সাজলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়।


স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট দিনগত রাত আনুমানিক ২টার দিকে চুনারুঘাট উপজেলার একটি এলাকায় শারীরিক প্রতিবন্ধী এক জামায়াতকর্মীর স্ত্রীর সঙ্গে অনৈতিক অবস্থায় দেখতে পেয়ে নুরুল ইসলাম সাজলকে আটক করেন বিক্ষুব্ধ গ্রামবাসী। পরে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মিজান মিয়া ও সাজলের বড় ভাই কাজল মিয়া তাঁকে নিজেদের জিম্মায় ছাড়িয়ে নেন।


ভুক্তভোগী গৃহবধূর স্বামী জানান, রাতে আমার স্ত্রীর সঙ্গে জামায়াত নেতা সাজলকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে আমি প্রতিবেশীদের ডাক দিই। পরে স্থানীয়রা এসে তাঁকে আটক করেন। তবে পরবর্তীতে স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দেওয়া হলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।


চুনারুঘাট উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মীর সাহেব আলী জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় নুরুল ইসলাম সাজলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।


এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত নুরুল ইসলাম সাজলের ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।


চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, জামায়াত নেতার বিরুদ্ধে নারীঘটিত অভিযোগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছি। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

জামায়াত নেতা বহিষ্কার, নুরুল ইসলাম সাজল, অনৈতিক সম্পর্ক, চুনারুঘাট, নারীঘটিত অভিযোগ, দলীয় শৃঙ্খলা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ