০৬ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / মামলা

কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ, বানিয়াচংয়ে এনসিপি নেতাসহ দুইজনের বিরুদ্ধে মামলা

প্রতিনিধি, বানিয়াচং, হবিগঞ্জ

প্রকাশঃ ৬ আগস্ট, ২০২৬ ৯:২৩ অপরাহ্ন

ছবিঃ প্রতীকী।

হবিগঞ্জের বানিয়াচংয়ে এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক জীবন আহমেদ লিটনসহ দুজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। বুধবার (৫ আগস্ট) ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা মো. ফারুক মিয়া বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে মামলাটি দায়ের করেন। 


মামলায় যৌন হয়রানির পাশাপাশি ভয়ভীতি প্রদর্শন, জোরপূর্বক ভিডিও ধারণ, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে।


মামলায় উত্তর-পশ্চিম ইউনিয়নের শেখের মহল্লা গ্রামের জীবন আহমেদ লিটন (৩৫) ও মক্রমপুর ইউনিয়নের কাবিলপুর গ্রামের কৃষ্ণ রায়কে (৫০) আসামি করা হয়েছে।


এজাহার সূত্রে জানা যায়, গত ২ আগস্ট দুপুরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য মেয়েকে নিয়ে বানিয়াচং বড়বাজারের একটি ডিজিটাল স্টুডিওতে যান বাদী। অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে বাদীকে পান-সিগারেট আনতে দোকানের বাইরে পাঠানো হয়। এ সময় স্টুডিওতে একা থাকা কিশোরীর শরীরে অনাকাঙ্ক্ষিত স্পর্শ করে যৌন হয়রানির চেষ্টা করেন জীবন আহমেদ লিটন। পরে বাদী ফিরে এলে তিনি সরে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।


এজাহারে আরও বলা হয়, ঘটনার পর বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। পরে অভিযুক্তরা মামলা না করার জন্য চাপ দেন, প্রাণনাশের হুমকি দেন এবং জোরপূর্বক একটি ভিডিও ধারণ করেন বলে অভিযোগ করা হয়েছে। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরিবারের সম্মানহানি করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।


বাদী মো. ফারুক মিয়া বলেন, ‘আমরা কোনো ব্যক্তিগত প্রতিশোধ চাই না। আমরা শুধু আইনের কাছে সুষ্ঠু বিচার চাই। আমার মেয়ের সঙ্গে যা ঘটেছে, তার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবার এমন ঘটনার শিকার না হয়।’


এ বিষয়ে অভিযুক্ত জীবন আহমেদ লিটন ও কৃষ্ণ রায়ের বক্তব্য জানতে একাধিকবার তাদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। 


বানিয়াচং থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কবির হোসেন বলেন, ‘মামলাটি এফআইআর হিসেবে রুজু করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর বয়স কম হওয়ায় তাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে জবানবন্দি দেওয়ার জন্য পাঠানো হয়েছে।’


ওসি বলেন, ‘মামলার অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

কিশোরী যৌন হয়রানি, এনসিপি নেতা, জীবন আহমেদ লিটন, বানিয়াচং, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ভিডিও ধারণ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ