০৫ আগস্ট ২০২৬

সংগ্রাম-স্বাধীনতা / জুলাই গণঅভ্যুত্থান

সিলেটে শহীদদের প্রতি জাতীয় মুক্তি কাউন্সিলের শ্রদ্ধা

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ৫ আগস্ট, ২০২৬ ৬:২৬ অপরাহ্ন


‘আওয়ামী ফ্যাসিবাদী শাসন ও ভারতীয় সাম্রাজ্যবাদ উচ্ছেদ দিবস’ উপলক্ষে সিলেটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিলের সিলেট জেলা কমিটি। 


বুধবার (৫ আগস্ট) সিলেটের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে জাতীয় মুক্তি কাউন্সিলের নেতৃবৃন্দ নগরের বন্দরবাজার পুরান লেনের সামনে জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক আবু তুরাবের প্রতি শ্রদ্ধা জানান।


এ সময় উপস্থিত ছিলেন জাতীয় মুক্তি কাউন্সিল সিলেট জেলা শাখার সদস্য ও বাংলাদেশ লেখক শিবির সিলেট জেলা শাখার সভাপতি খালেদ উদ দীন, সাংগঠনিক সম্পাদক মজনু মুহিবুর রহমান, ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মিনহাজ আহমেদ, সদস্য আকির হোসেন, প্রবীণ রাজনীতিবিদ ও লেখক শিবিরের সদস্য নুরুল হুদা সালেহ ও খাজা নিরুপম।


সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা অংশ নিয়েছিলেন। এর মধ্য দিয়ে ১৫ বছরের আওয়ামী ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। একই সঙ্গে তাঁদের দাবি, ভারতীয় সাম্রাজ্যবাদের আগ্রাসী কবল থেকে বাংলাদেশ মুক্ত হয়। চাকরিতে কোটা ব্যবস্থার বিরোধিতা করে বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের সূচনা ঘটে।


বক্তারা জানান, বাংলাদেশে এখনো কোটি কোটি কর্মক্ষম মানুষ কর্মহীন রয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের এখনো বিচার হয়নি। আওয়ামী লীগের সদস্যরাসহ সভানেত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন এবং অপরাধী আওয়ামী লীগের সদস্যদের এখনো বিচার করা সম্ভব হয়নি। বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ ক্ষমতার ভাগ-বণ্টনের মাধ্যমে শাসনকার্য পরিচালনা করছে।


তারা আরও জানান, প্রাকৃতিক জলাশয়, খাল-বিল ও নদী ইজারা নিয়ে মাছ, বালু, মাটি ও পাথর লুটপাটের মাধ্যমে জনগণের সম্পত্তি দখল করা হচ্ছে। দেশের শিক্ষা ও চিকিৎসাব্যবস্থা করুণ পরিণতির সম্মুখীন।

নেতৃবৃন্দ জানান, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বন্দরবাজারের পুরান লেনের সামনে সাংবাদিক আবু তুরাব পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। আবু তুরাবের স্মৃতি স্মরণে একটি সৌধ নির্মাণের দাবি জানিয়ে আসলেও তা কার্যকর হয়নি।


সভায় নেতৃবৃন্দ জনগণের সার্বিক মুক্তির লক্ষ্যে জাতীয় মুক্তির ১৮ দফা কর্মসূচির ভিত্তিতে সংগঠন গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানান।


শেয়ার করুনঃ

সংগ্রাম-স্বাধীনতা থেকে আরো পড়ুন

জাতীয় মুক্তি কাউন্সিল, জুলাই গণঅভ্যুত্থান, শহীদদের প্রতি শ্রদ্ধা, আবু তুরাব, আওয়ামী ফ্যাসিবাদী শাসন, ভারতীয় সাম্রাজ্যবাদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ