০৪ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / বিচার

এক মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল থাকলেও অন্য মামলায় স্থগিত

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৪ আগস্ট, ২০২৬ ৫:১৮ অপরাহ্ন


সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলার মধ্যে একটিতে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। তবে অপর মামলায় দেওয়া জামিন বহাল রেখেছেন আদালত।


রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে সোমবার চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।


আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৯ জুলাই রুল নিষ্পত্তি করে হাইকোর্টের একটি বেঞ্চ ব্যারিস্টার সুমনকে দুটি পৃথক মামলায় জামিন দেন। এর একটি ছিল খিলগাঁও থানার হত্যা মামলা এবং অন্যটি মুগদা থানার হত্যাচেষ্টা মামলা। পরে হাইকোর্টের ওই জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।


শুনানি শেষে চেম্বার আদালত খিলগাঁও থানার হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন। তবে মুগদা থানার হত্যাচেষ্টা মামলায় দেওয়া জামিন বহাল রাখেন।


ব্যারিস্টার সুমনের আইনজীবী লিটন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি মামলার মধ্যে শুধু খিলগাঁও থানার মামলার জামিন স্থগিত হয়েছে। মুগদা থানার মামলায় হাইকোর্টের আদেশ বহাল রয়েছে।


এর আগে, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের কিছুক্ষণ আগে রাত সোয়া ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, “আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।”


সাবেক এই স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা ছাড়াও হবিগঞ্জে একাধিক মামলা রয়েছে। মামলাগুলোর বিচারিক কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

ব্যারিস্টার সুমন, সৈয়দ সায়েদুল হক সুমন, আপিল বিভাগের চেম্বার আদালত, হাইকোর্ট, জামিন স্থগিত, খিলগাঁও হত্যা মামলা, মুগদা হত্যাচেষ্টা মামলা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ