০৪ আগস্ট ২০২৬

দেশজুড়ে

আদালতের নির্দেশনা বাস্তবায়নে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন তথ্য উপদেষ্টা

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে আবারও সতর্ক করলো সরকার

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৪ আগস্ট, ২০২৬ ৫:১০ অপরাহ্ন


ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার বা প্রচারের আগাম তথ্য প্রকাশ না করতে গণমাধ্যমকে আবারও সতর্ক করার কথা জানিয়েছে সরকার। আদালতের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।


মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা অতীতে বক্তব্য দেওয়ার সময়ও সরকার গণমাধ্যমকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছিল। ভবিষ্যতেও যদি তাঁর বক্তব্য প্রচারের আগাম ঘোষণা বা সংবাদ প্রকাশ করা হয়, তবে সেটি আদালতের নির্দেশনা লঙ্ঘনের শামিল হবে বলে সরকার মনে করে।


তিনি বলেন, 'শেখ হাসিনা আবার বক্তব্য দেবেন এ ধরনের সংবাদ কেউ আগাম প্রকাশ করলে তা আদালতের রায় ভঙ্গের সামিল হবে। এ বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।'


তথ্য উপদেষ্টা আরও বলেন, এর আগে যেসব গণমাধ্যম শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করেছে, তাদেরও সরকার সতর্ক করেছিল। একইভাবে আবারও গণমাধ্যমকে আদালতের নির্দেশনার বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হবে।


তিনি বলেন, 'এ বিষয়ে আদালতের নির্দেশনা রয়েছে। সরকার আদালত নয়; সরকারের দায়িত্ব হলো আদালতের সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করা।'



ডা. জাহেদ উর রহমান আরও বলেন, কেউ যদি মনে করেন শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেওয়া উচিত নয় বা এতে তার অধিকার ক্ষুণ্ন হচ্ছে, তাহলে সে বিষয়ে আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে। 
আদালত যে সিদ্ধান্ত দিয়েছেন, সরকার কেবল সেটির বাস্তবায়নের দায়িত্ব পালন করছে।


তবে এ বিষয়ে ভিন্ন ব্যাখ্যাও রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম মঙ্গলারই বলেছেন, বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে কোনো আইনি বাধা নেই।


এ অবস্থায় আদালতের নির্দেশনার ব্যাখ্যা এবং বক্তব্য প্রচারের আইনি সীমা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।


শেয়ার করুনঃ

দেশজুড়ে থেকে আরো পড়ুন

শেখ হাসিনা, তথ্য উপদেষ্টা, ডা. জাহেদ উর রহমান, গণমাধ্যম, আদালতের নির্দেশ, বক্তব্য প্রচার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ