সিলেটে বজ্রবৃষ্টির সম্ভাবনা, সতর্ক করল আবহাওয়া অফিস
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২ আগস্ট, ২০২৬ ১০:১৯ অপরাহ্ন
সিলেটে বৃষ্টির ধারা অব্যাহত রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বিভাগের অনেক স্থানে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।
রোববার (২ আগস্ট) সন্ধ্যায় সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ্ মো. সজীব হোসেনের পাঠানো এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় অনেক স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ। সন্ধ্যা ৬টায় তা কমে ৭০ শতাংশে নেমে আসে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শনিবার (১ আগস্ট) সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে ৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সব মিলিয়ে সর্বশেষ ৩৬ ঘণ্টায় সিলেটে ১৯ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সহকারী আবহাওয়াবিদ শাহ্ মো. সজীব হোসেন জানান, আগামী ২৪ ঘন্টায় বিভাগের অনেক স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে অনেক স্থানে মাঝারি ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। এ অবস্থায় সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন ওই কর্মকর্তা।
এদিকে আগামীকাল সোমবার সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ১৯ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে।
বজ্রবৃষ্টি, বৃষ্টিপাত, তাপমাত্রা, আবহাওয়ার পূর্বাভাস, সিলেটের আবহাওয়া, আর্দ্রতা