শান্তিগঞ্জে তিন দিন ধরে নিখোঁজ শিশু মারুফ, সন্ধান চায় পরিবার
দৈনন্দিন
প্রকাশঃ ২ আগস্ট, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ন
শিশু মারুফ আলমের ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছে তার পরিবার। তিন দিন ধরে নিখোঁজ সন্তানের চিন্তায় খাওয়া-ঘুম নেই মা-বাবার। দুশ্চিন্তায় দিন কাটছে আত্মীয়স্বজনদেরও। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখনো তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ মারুফ আলম সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর (কোনারবাড়ি) গ্রামের ব্যবসায়ী আছির আলম ও সামিয়া বেগম দম্পতির ছেলে। বয়স ১৩ বছর। সে চন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই বেলা দুইটার দিকে নতুন বাড়ি থেকে পার্শ্ববর্তী চন্দ্রপুর পুরোনো বাড়ির উঠানে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলে মারুফ। খেলা শেষে গোসল করে নতুন বাড়ির উদ্দেশে বের হওয়ার পর থেকে আর তার কোনো খোঁজ মেলেনি।
পরিবার ও স্বজনেরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে একই দিন (৩১ জুলাই) শান্তিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন (ডায়েরি নম্বর ২৩)।
পরিবার সূত্রে আরও জানা যায়, মারুফের গায়ের রং শ্যামলা, উচ্চতা চার ফুট তিন ইঞ্চি। নিখোঁজের দিন তার গায়ে ছিল গোলাপি রঙের শার্ট ও জিনসের প্যান্ট। মারুফের সন্ধান পেলে ০১৭৮০৭৯৫০৭১ (বাবা) অথবা ০১৪০৮০৭৩৫১৬ (ভাই) নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।
শিশু নিখোঁজ, সন্ধান, মারুফ আলম, শান্তিগজ্ঞ, পশ্চিম পাগলা ইউনিয়ন, চন্দ্রপুর গ্রাম