০২ আগস্ট ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন চেয়ে শ্রীমঙ্গলে মানববন্ধন

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ২ আগস্ট, ২০২৬ ৭:৪১ অপরাহ্ন


দীর্ঘদিন ধরে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন না হওয়ায় শ্রমিকদের প্রতিনিধিত্ব ও সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রমিকনেতারা। নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করা মামলা প্রত্যাহার এবং দ্রুত ত্রিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন তারা।



রোববার (২ আগস্ট) দুপুরে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে বালিশিরা ভ্যালির ৬৪টি চা বাগানের পঞ্চায়েত কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা।



সভায় বক্তারা বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন না হওয়ায় অনেক চা বাগানে ভারপ্রাপ্তদের মাধ্যমে ইউনিয়নের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে শ্রমিকদের দাবি দাওয়া ও অধিকার আদায়ের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়ার দাবি জানান।



পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা। তিনি অভিযোগ করেন, একটি পক্ষ আদালতে মামলা করে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করছে। তার দাবি, মামলার নিষ্পত্তি হলে দ্রুত নির্বাচন কমিশন গঠন করে ত্রিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব হবে।



মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল, অর্থ সম্পাদক পরেশ কালিন্দীসহ বালিশিরা ভ্যালির ৬৪টি চা বাগানের বিভিন্ন পর্যায়ের শ্রমিকনেতারা উপস্থিত ছিলেন।



সমাবেশ থেকে দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

চা শ্রমিক ইউনিয়ন, চা শ্রমিক নির্বাচন, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, চা বাগান, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ, বিজয় হাজরা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ