০২ আগস্ট ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

চলমান উন্নয়ন প্রকল্পে গতি আনার নির্দেশ সিসিক প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২ আগস্ট, ২০২৬ ৬:১৭ অপরাহ্ন


সিলেট সিটি করপোরেশনের (সিসিক) চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পাশাপাশি কাজের গুণগত মান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেছেন, জনগণের অর্থে বাস্তবায়ন হওয়া প্রকল্পে কোনো ধরনের গাফিলতি বা মানের সঙ্গে আপসের সুযোগ নেই।


রোববার (২ আগস্ট) দুপুরে সিলেট নগর ভবনের সভাকক্ষে সিসিকের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।


সভায় সভাপতিত্ব করেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার। এতে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) কবির আহামদ। উপস্থিত ছিলেন সিসিকের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ উল্লাহ, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাসসহ চলমান প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা।


সভায় আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ করতে হবে। কোনো প্রকল্পে অযথা বিলম্ব যেন না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের আরও দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।


তিনি বলেন, উন্নয়নকাজের ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করাই সবচেয়ে বড় অগ্রাধিকার। প্রতিটি প্রকল্প নিয়মিত তদারকি করতে হবে এবং বাস্তবায়নের পথে কোনো সমস্যা দেখা দিলে তা দ্রুত সমাধান করে কাজের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। দীর্ঘমেয়াদে নগরবাসী যাতে এসব প্রকল্পের সুফল ভোগ করতে পারেন, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।


সিসিক প্রশাসক আরও বলেন, আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য সিলেট নগর গড়ে তুলতে সড়ক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা, আলোকায়নসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সমন্বিতভাবে এগিয়ে নেওয়া হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও দায়িত্বশীলতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।


বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান কবির আহামদ বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সময়, ব্যয় ও গুণগত মান এই তিনটি বিষয়কে সমান গুরুত্ব দিতে হবে। প্রকল্পের প্রতিটি ধাপে নিয়মিত তদারকি ও অগ্রগতি মূল্যায়নের ওপরও তিনি জোর দেন।


সভায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলো সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট সিটি করপোরেশন, সিসিক, সিসিক প্রশাসক, আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন প্রকল্প, সিসিক প্রকল্প, নগর উন্নয়ন, সড়ক উন্নয়ন, ড্রেনেজ উন্নয়ন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ