০২ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশের অভিযোগ: মৌলভীবাজারে এএসআই পুলিশ লাইনে সংযুক্ত

প্রতিনিধি, মৌলভীবাজার

প্রকাশঃ ২ আগস্ট, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ন


মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত অর্থ নেওয়া এবং তাদের সঙ্গে যোগসাজশের অভিযোগ ওঠায় মৌলভীবাজারের শেরপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম শফিককে পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।


রোববার (২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপারের নির্দেশে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুল হাসান।


জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজার এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এলাকাবাসীর দাবি, বিষয়টি একাধিকবার পুলিশকে জানানো হলেও কার্যকর অভিযান পরিচালনা করা হয়নি। তাদের অভিযোগ, পুলিশের একটি অসাধু অংশের সহযোগিতায় অভিযুক্তরা নির্বিঘ্নে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল।


গত ৩১ জুলাই সরকার বাজার এলাকায় স্থানীয় বাসিন্দারা কথিত মাদক ব্যবসায়ী মজনু মিয়াসহ কয়েকজনকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে মৌলভীবাজার সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয় এবং আইনগত প্রক্রিয়া শেষে থানায় নিয়ে যায়।


তবে অভিযোগ অস্বীকার করেছেন এএসআই শফিকুল ইসলাম। তিনি বলেন, পূর্বে লন্ডনপ্রবাসী সোহাগের এক ভাইকে আটক করার ঘটনায় ক্ষুব্ধ হয়ে একটি পক্ষ তার বিরুদ্ধে এসব অভিযোগ তুলেছে। তার দাবি, অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিত এবং তদন্ত হলে প্রকৃত ঘটনা সামনে আসবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

মাদক ব্যবসা, এএসআই শফিকুল ইসলাম, শেরপুর পুলিশ ফাঁড়ি, পুলিশ লাইন, মৌলভীবাজার সদর, সরকার বাজার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ