০২ আগস্ট ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

বানিয়াচংয়ে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল হোসেন মুকুল

প্রতিনিধি, বানিয়াচং, হবিগঞ্জ

প্রকাশঃ ১ আগস্ট, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন


বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির বানিয়াচং উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে রত্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের এবং সাধারণ সম্পাদক পদে আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোফাজ্জল হোসেন মুকুল বিজয়ী হয়েছেন।


শনিবার (১ আগস্ট) উপজেলার মেধাবিকাশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বিএসডি আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও প্রিজাইডিং কর্মকর্তা মাওলানা মুবাশ্বির আহমদ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।


নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মোট ৪৩৩ জন ভোটারের মধ্যে সভাপতি পদে ৪০৯ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৪০৬টি ভোট বৈধ এবং ৩টি ভোট বাতিল হয়। সাধারণ সম্পাদক পদে ৩৯৪ জন ভোট দেন, যার মধ্যে ৩৭৯টি ভোট বৈধ এবং ১৫টি ভোট বাতিল ঘোষণা করা হয়। 


ঘোষিত ফলাফলে সভাপতি পদে মো. আবু তাহের ২১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকরাম নন্দপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবীব মানিক পান ১৯২ ভোট।


সাধারণ সম্পাদক পদে মোফাজ্জল হোসেন মুকুল ১৯৪ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সুজাতপুর হানিফ খান দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সেলিম তালুকদার পান ৭৯ ভোট। অপর দুই প্রার্থী মহারত্নপাড়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাব্বীর আহমদ শিবলী পান ৬৮ ভোট এবং উত্তর সাঙ্গর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাকির হোসেন পান ৫৩ ভোট।


এর আগে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাগুড়া ফার্ম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক পদে আমবাগান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহিনুর মিয়া এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সিরাজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।


নির্বাচন পরিদর্শন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু, সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু এবং সাধারণ সম্পাদক মো. আব্দাল মিয়া।


ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে শিক্ষকরা ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এ সময় শিক্ষক সমাজে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত শিক্ষকরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্ব শিক্ষকদের ন্যায্য অধিকার সংরক্ষণ, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবেন।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি, বানিয়াচং, শিক্ষক নির্বাচন, আবু তাহের, মোফাজ্জল হোসেন মুকুল, উপজেলা নির্বাচন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ