০২ আগস্ট ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

শাবিপ্রবিতে ছাত্রশক্তির নেতাকে বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিনিধি, শাবিপ্রবি

প্রকাশঃ ১ আগস্ট, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন


মেসেঞ্জারে আপত্তিকর চ্যাটের স্ক্রিনশট প্রকাশের অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির এক নেতার বহিষ্কার দাবিতে বিক্ষোভ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।


শনিবার (১ আগস্ট) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।


অভিযুক্ত সাজিদ আহমেদ মোল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক। তিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের শিক্ষার্থী।


বিক্ষোভ সমাবেশে ছাত্র ইউনিয়নের সংগঠক নাজনীন লিজা বলেন, সাধারণ শিক্ষার্থীরা যে দাবি তুলেছে, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তার সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছে। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের যেকোনো কর্মসূচিতে ছাত্র ইউনিয়ন পাশে থাকবে।


নারীদের নিরাপত্তার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘আজকে যদি আমরা প্রতিবাদ না করি, কালকে এই একই পরিস্থিতির শিকার অন্য কাউকে হতে হবে।’


এ সময় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।


বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আশিক বলেন, ‘নবম শ্রেণির একজন কিশোরীকে নিয়ে যে পরিমাণ বিকৃত মানসিকতার পরিচয় দেওয়া হয়েছে, তা থেকে বোঝা যায় আমাদের নারীরা এখনও কতটা অনিরাপদ। আমাদের ক্যাম্পাসের কোনো শিক্ষার্থী এ ধরনের মন্তব্য করতে পারে, তা সাজিদ মোল্লাকে না দেখলে বিশ্বাস হতো না।’


তিনি আরও বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, অতি দ্রুত এই বিকৃত মানসিকতার ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। তা না হলে ভবিষ্যতেও অন্য কেউ এ ধরনের হেনস্তার শিকার হতে পারে।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শিক্ষার্থী, বিক্ষোভ, শাবিপ্রবি, ছাত্রশক্তি, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ