০১ আগস্ট ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

কীর্তন শেষে ফেরার পথে হাওরে নৌকাডুবি, আরও একজনের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১ আগস্ট, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুরে হিন্দু ধর্মীয় কীর্তন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে হাওরে নৌকাডুবির ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হলো। তবে এ ঘটনায় এখনো আরও তিনজন নিখোঁজ রয়েছেন। 


শনিবার (১ আগস্ট) বিকেল ৫টার দিকে জগন্নাথপুর পৌরসভার পশ্চিম ভবানীপুর এলাকার মইয়ার হাওরের বালুচর এলাকা থেকে দ্বিতীয় মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে দুপুরে একই এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।


নিহত দুজন হলেন পূর্ব ভবানীপুর গ্রামের মৃত অনিল দেবনাথের ছেলে অরুণ দেবনাথ (৪০) এবং মৃত সুবল দেবনাথের ছেলে সত্যেন্দ্র দেবনাথ (৬৫)। এখনো নিখোঁজ রয়েছেন একই গ্রামের হেমেন্ড দেবনাথ (৩০) ও অধীর দেবনাথ (৩৫)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পূর্ব ভবানীপুর গ্রামের কয়েকজন বাসিন্দা দুটি নৌকায় করে পাশের ভরাউট গ্রামে একটি হিন্দু ধর্মীয় কীর্তন অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে শনিবার রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বালুচর এলাকায় একটি নৌকা ডুবে যায়।


স্থানীয় লোকজন জানান, ডুবে যাওয়া নৌকায় নয়জন ছিলেন। তাঁদের মধ্যে পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চারজন নিখোঁজ হন।


খবর পেয়ে জগন্নাথপুর থানা-পুলিশ এবং সুনামগঞ্জ ও সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। দিনব্যাপী অভিযানে প্রথমে অরুণ দেবনাথ এবং পরে সত্যেন্দ্র দেবনাথের মরদেহ উদ্ধার করা হয়।


সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন লিডার হুমায়ুন কবির বলেন, ‘এত বড় হাওরে নির্দিষ্ট কোনো সীমানা নেই। প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি। বাকি দুজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’


জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘কীর্তন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় চারজন নিখোঁজ হন। তাঁদের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান চলছে।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

নৌকাডুবি, মইয়ার হাওর, কীর্তন অনুষ্ঠান, জগন্নাথপুর, লাশ উদ্ধার, ফায়ার সার্ভিস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ