২২ জুলাই ২০২৬

অপরাধ-বিচার

এবার চার সেমিস্টারের জন্য বহিষ্কার হলেন শাবিপ্রবির দুই ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২২ জুলাই, ২০২৬ ১০:২৮ পূর্বাহ্ন

ছবিঃ সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হলের খাবারের মান নিয়ে কথা বলায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় এবার ছাত্রদলের দুই নেতাকে চার সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে তারা ক্যাম্পাসে অবস্থান ও প্রবেশ করতে পারবেন না বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

মঙ্গলবার (২১ জুলাই) রাতে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির এ তথ্য জানিয়েছেন। 

 

বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন-পরিসংখ্যান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তারেক রহমান ও একই সেশনের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হাসিবুর রহমান। তাদের মধ্যে হাসিবুর রহমান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যোগাযোগ সম্পাদক ও তারেক রহমান সহদপ্তর সম্পাদক ছিলেন। 

 

এ ঘটনায় এর আগে গত রোববার তাদের দুজনকে দলীয় পদ থেকেও বহিষ্কার করা হয়।

 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির জানান, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেট সভায় শিক্ষার্থী তারেক রহমান এবং হাসিবুর রহমানকে চার সেমিস্টারের জন্য অ্যাকাডেমিক কার্যক্রম হতে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারকালীন সময়ে তারা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। 

 

তিনি আরও বলেন, তারেক রহমানের শাহপরাণ হলের আবাসিক আসনও বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী পরবর্তী সময়ে হলের আসনের জন্য আবেদন আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। 

 

উল্লেখ্য, ক্যান্টিনের খাবারের মান নিয়ে অভিযোগ করায় শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে খাইরুল খন্দকার নামের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে তারেক রহমান ও হাসিবুর রহমানের বিরুদ্ধে। ভুক্তভোগী খাইরুল খন্দকার সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাহপরাণ হলের আবাসিক শিক্ষার্থী। এ ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থীকে সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

শাবিপ্রবি, ছাত্রদল নেতা, বহিষ্কার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ