জগন্নাথপুরে সমবায় কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ
অনিয়ম-দুর্নীতি
লাইসেন্স ও ফার্মাসিস্টবিহীন ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা
প্রকাশঃ ২২ জুলাই, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ন
সিলেট নগরের দুটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে লাইসেন্স নবায়ন না করে কার্যক্রম পরিচালনার দায়ে জরিমানা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে হাসপাতাল দুটিকে ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় লাইসেন্স হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া একটি হাসপাতালের ভেতরে ড্রাগ লাইসেন্স ছাড়াই পরিচালিত ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব।
অভিযানে নগরের সেন্ট্রাল হাসপাতাল ও সুরমা ভ্যালি হাসপাতালে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান দুটি লাইসেন্স নবায়ন না করেই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছে। এ কারণে সংশ্লিষ্ট আইনে প্রতিটি হাসপাতালকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে লাইসেন্স নবায়নসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে এসব কার্যক্রম সম্পন্ন করার আশ্বাস দিয়েছে।
এছাড়া সুরমা ভ্যালি হাসপাতালের ভেতরে পরিচালিত একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে একাধিক অনিয়ম পাওয়া যায়। জেলা প্রশাসনের দাবি, ফার্মেসিটির কোনো ড্রাগ লাইসেন্স ছিল না। পাশাপাশি অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রির জন্য বাধ্যতামূলক রেজিস্টার সংরক্ষণ করা হয়নি এবং দায়িত্বরত কোনো নিবন্ধিত ফার্মাসিস্টও উপস্থিত ছিলেন না।
এসব অনিয়মের কারণে ওষুধ ও কসমেটিক্স আইনে ফার্মেসিটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী জেলার হাসপাতালগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের লাইসেন্স, আইনগত অনুমোদন ও ওষুধ বিক্রির বিধিবিধান যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করতেই এ অভিযান। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট, জেলা প্রশাসন, হাসপাতাল অভিযান, বেসরকারি হাসপাতাল, লাইসেন্স নবায়ন, সেন্ট্রাল হাসপাতাল, সুরমা ভ্যালি হাসপাতাল, ড্রাগ লাইসেন্স, ফার্মেসি, ফার্মাসিস্ট