১৪ জুলাই ২০২৬

খেলাধুলা-বিনোদন / বিশ্বকাপ ফুটবল ২০২৬

যে কারণে আর্জেন্টিনার ম্যাচে রেফারি হতে পারবেন না ইংল্যান্ডের কেউ

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৩ জুলাই, ২০২৬ ৯:৩২ অপরাহ্ন

ছবিঃ অনুশীলনে আর্জেন্টিনা ফুটবল দল। ছবি: এএফপি

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ পরিচালনা করে ফেলেছেন ইংল্যান্ডের দুই অভিজ্ঞ রেফারি মাইকেল অলিভার ও অ্যান্থনি টেলর। ইংল্যান্ড ও আর্জেন্টিনা সেমিফাইনালে ওঠায় ফিফার প্রচলিত নীতিমালা অনুযায়ী এই দুই রেফারিকে টুর্নামেন্টের বাকি কোনো ম্যাচে দায়িত্ব দেওয়া হবে না।

 

আগামী বুধবার (বাংলাদেশ সময় রাত ১টা) আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। ফিফার নিয়ম অনুযায়ী, কোনো রেফারি নিজের দেশের ম্যাচ পরিচালনা করতে পারেন না। পাশাপাশি সম্ভাব্য রাজনৈতিক সংবেদনশীলতার বিষয়ও বিবেচনায় রাখা হয়।

 

সে কারণেই শুধু ইংল্যান্ডের ম্যাচ নয়, আর্জেন্টিনার ম্যাচেও দায়িত্ব পাচ্ছেন না অলিভার ও টেলর। ফলে ইংল্যান্ড সেমিফাইনালে হারলেও ১৯ জুলাইয়ের ফাইনালে তাদের দায়িত্ব পাওয়ার কোনো সুযোগ থাকছে না।

 

ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, রেফারি নিয়োগের ক্ষেত্রে ফিফা প্রতিটি ম্যাচ আলাদাভাবে মূল্যায়ন করে। এ সময় সম্ভাব্য পক্ষপাতিত্বের পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর রাজনৈতিক সংবেদনশীলতার বিষয়ও বিবেচনায় নেওয়া হয়। ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধের ইতিহাসের কারণে ইংল্যান্ড ও আর্জেন্টিনার ম্যাচে ইংলিশ রেফারিদের দায়িত্ব না দেওয়ার নীতি এখনও বহাল রয়েছে।

 

বিশ্বকাপে এবার ইংল্যান্ডের রেফারি হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনার রেকর্ড গড়েছেন মাইকেল অলিভার। এর মাধ্যমে তিনি হাওয়ার্ড ওয়েবের রেকর্ড ভেঙেছেন। তবে সেমিফাইনালের পর তারও বিশ্বকাপ মিশন শেষ হয়ে যাচ্ছে।

 

একই কারণে আর্জেন্টিনার রেফারি ফাকুন্দো তেল্লোও ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছেন। এমনকি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও অলিভার, টেলর বা তেল্লোর দায়িত্ব পাওয়ার সম্ভাবনা নেই।

 

এদিকে স্পেন ও ফ্রান্সের মধ্যকার প্রথম সেমিফাইনাল পরিচালনার দায়িত্ব পেয়েছেন এল সালভাদরের রেফারি ইভান বার্টন।


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

মাইকেল অলিভার, অ্যান্থনি টেলর, ফিফা বিশ্বকাপ, বিশ্বকাপ রেফারি, ইংল্যান্ড আর্জেন্টিনা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ