ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
দেশজুড়ে
প্রকাশঃ ৮ জুলাই, ২০২৬ ১২:২৮ অপরাহ্ন
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্বরোড গোলচত্বরে সড়কের বড় গর্ত, দুর্ঘটনা এবং বিকল পণ্যবাহী যানবাহনের কারণে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এ যানজট বুধবার সকাল পর্যন্ত অব্যাহত থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সিলেটগামী ও ঢাকামুখী হাজারো যাত্রী এবং পরিবহন চালক।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার বিকেলে ভারী বৃষ্টির সময় সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি পণ্যবাহী লরি ও একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আহত চালককে উদ্ধার করে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেন। তবে এর আগেই মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাতভর বৃষ্টিতে সড়কের গর্তে পানি জমে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
বুধবার সকাল ৬টার দিকে শাহবাজপুর সেতু ও ইসলামাবাদ এলাকায় আরও দুটি পণ্যবাহী ট্রাক বিকল হয়ে পড়লে যান চলাচল কার্যত ধীরগতিতে নেমে আসে। সকাল সাড়ে ৮টার মধ্যে সরাইল উপজেলার শান্তিনগর, বিশ্বরোড মোড়, কুট্টাপাড়া ও শাহবাজপুর হয়ে বিজয়নগরের বুধন্তী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।
সিলেট থেকে নেত্রকোনাগামী ট্রাকচালক নয়ন খান জানান, বিজয়নগরের বুধন্তী থেকে সরাইলের কুট্টাপাড়া পর্যন্ত পৌঁছাতে তার প্রায় আড়াই ঘণ্টা সময় লেগেছে। অথচ স্বাভাবিক সময়ে একই পথ অতিক্রম করতে ১৫ থেকে ২০ মিনিটের বেশি লাগে না।
সরেজমিনে দেখা গেছে, সরাইল বিশ্বরোড গোলচত্বরে চারটি দিকের মধ্যে ঢাকা থেকে সিলেটমুখী একটি লেন দিয়ে যান চলাচল চালু রাখা হয়েছে। তবে সিলেট থেকে ঢাকা ও কুমিল্লামুখী দুটি লেন বন্ধ রয়েছে। কুমিল্লা থেকে ঢাকামুখী লেনে সংস্কারকাজ চললেও বৃষ্টির পানিতে গর্ত ডুবে থাকায় কিছুক্ষণ পরপর পণ্যবাহী যানবাহন আটকে যাচ্ছে। এতে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের চলাচল ব্যাহত হচ্ছে। যানজট ছড়িয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়া সদরগামী সুহিলপুর এলাকাতেও।
সরাইল-খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, বিশ্বরোড মোড়ের দক্ষিণ পাশে সড়কের গর্তে পণ্যবাহী যানবাহন বারবার আটকে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বৈশামুড়া এলাকায় দুর্ঘটনাকবলিত প্রায় ৫০ টন ওজনের লরিটি বুধবার সরানো হয়েছে। এসব কারণে যানজট আরও বেড়েছে। তিনি জানান, মঙ্গলবার থেকেই হাইওয়ে পুলিশের সদস্যরা যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছেন এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
ঢাকা-সিলেট মহাসড়ক, সিলেট মহাসড়ক, সরাইল বিশ্বরোড, ব্রাহ্মণবাড়িয়া যানজট, বিশ্বরোড গোলচত্বর, মহাসড়কের গর্ত, সড়ক দুর্ঘটনা, হাইওয়ে যানজট, সিলেটগামী যানজট