০৮ জুলাই ২০২৬

রাজনীতি / সরকার

মালয়েশিয়ার পর খুলছে আরও নতুন শ্রমবাজার: প্রবাসীকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৭ জুলাই, ২০২৬ ৫:০৫ অপরাহ্ন


মালয়েশিয়ায় শ্রমবাজার পুনরায় চালু হওয়ার পর বিশ্বের আরও কয়েকটি দেশে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে ইতিবাচক অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের পাশাপাশি জাপান, দক্ষিণ কোরিয়া, ওমান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এর আগে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পরে সিলেট নগরের ঐতিহাসিক আলী আমজদের ঘড়ির সামনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেন তারা।

সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধির সঙ্গে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। তিনি জানান, দেশের বিভিন্ন ধরনের খনিজ ও পাথরসম্পদের সম্ভাবনার বিষয়টি তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্রের বড় শিল্পপ্রতিষ্ঠানগুলো বিনিয়োগে আগ্রহী হলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে। এ বিষয়ে মার্কিন পক্ষও আগ্রহ প্রকাশ করেছে বলে জানান তিনি।

শ্রমবাজার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ইনশাআল্লাহ ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের শ্রমবাজার আরও সম্প্রসারিত হবে। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের পাশাপাশি জাপান, দক্ষিণ কোরিয়া, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ নতুন নতুন বাজার উন্মুক্ত হচ্ছে। আরও কয়েকটি দেশের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। এসব বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি।

তিনি আরও বলেন, আমরা আমাদের প্রবাসী কর্মী ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। নতুন শ্রমবাজার সৃষ্টি এবং বিদ্যমান বাজারগুলো আরও শক্তিশালী করতে সরকার কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা সবসময় আমাদের জনগণ ও শ্রমজীবী মানুষের পাশে থাকব।

এক প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা–সংক্রান্ত বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তাঁর কোনো আলোচনা হয়নি।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, প্রবাসীকল্যাণ মন্ত্রী, আরিফুল হক চৌধুরী, শ্রমবাজার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ