১৭ বছরের দুর্নীতি, অপশাসনের কারণে রেড ক্রিসেন্টও ধ্বংসের দ্বারপ্রান্তে: আব্দুস সালাম
অনিয়ম-দুর্নীতি
প্রকাশঃ ২৯ জুন, ২০২৬ ৯:১০ অপরাহ্ন
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম বলেছেন, গত ১৭ বছরের দুর্নীতি, অপশাসন ও একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থার কারণে দেশের বিভিন্ন সাংবিধানিক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মতো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিও ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।
সোমবার (২৯ জুন) সিলেটে হযরত শাহজালাল (রহ.)–এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, দীর্ঘদিনের নানা অনিয়ম ও দুর্নীতির কারণে রেড ক্রিসেন্ট সোসাইটি চরম ভাবমূর্তি সংকট ও গ্রহণযোগ্যতার ঘাটতিতে পড়েছে। তবে নতুন সরকারের অধীনে গঠিত বর্তমান কমিটি সেই সংকট কাটিয়ে জনকল্যাণে সংস্থাটিকে কার্যকরভাবে ফিরিয়ে আনতে কাজ করছে।
তিনি বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সব সময় জনগণের সেবায় নিয়োজিত। শুধু দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতেই নয়, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন মানবিক সহায়তা প্রদানেও সংস্থাটি কাজ করে যাচ্ছে।
বিএনপির এই নেতা আরও বলেন, গত ১৭ বছরে দেশের বিভিন্ন সাংবিধানিক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ব্যাপক দুর্নীতি হয়েছে। এতে প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং জনগণের আস্থা কমেছে। তবে বর্তমান সরকারের দূরদর্শী নেতৃত্ব ও নবগঠিত কমিটির আন্তরিক প্রচেষ্টায় এসব সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটির হারানো গৌরব ও গ্রহণযোগ্যতা ফিরিয়ে এনে সংস্থাটিকে তার মূল লক্ষ্য ও উদ্দেশ্যের জায়গায় পৌঁছে দিতে বর্তমান কমিটি বদ্ধপরিকর।
এর আগে সোমবার সকালে ঢাকা থেকে বিমানযোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আব্দুস সালাম। এ সময় জেলা ও মহানগর বিএনপি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আব্দুস সালাম, রেড ক্রিসেন্ট সোসাইটি, বিএনপি, অপশাসন, দুর্নীতি