২৬ জুন ২০২৬

রাজনীতি / স্থানীয় সরকার

বিয়ানীবাজারে ইউপি চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার

প্রতিনিধি, বিয়ানীবাজার, সিলেট

প্রকাশঃ ২৫ জুন, ২০২৬ ১০:৩২ অপরাহ্ন


সিলেটের বিয়ানীবাজার উপজেলার ১নং আলীনগর ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়। 


একইপত্রে  তাকে কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, সেই মর্মে কারণ জানতে চাওয়া হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে উত্তর জানাতে নির্দেশনা প্রদান করা হয়।


আহবাবুর রহমান খান শিশু কার্যক্রম নিষিদ্ধ সিলেট জেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতির দায়িত্বে রয়েছেন। জানা গেছে, বিনা অনুমতিতে অনুপস্থিতি এবং দেশের বাইরে অবস্থান করছিলেন। সম্প্রতি তিনি কানাডা থেকে দেশে ফিরলেও তার দায়িত্ব পালন নিয়ে জটিলতা সৃষ্টি হয়। প্যানেল চেয়ারম্যান-১ মো. মনিরুজ্জামান যথারীতি আলীনগর ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।


এ অবস্থায় সিলেটের জেলা প্রশাসক স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর আলীনগর ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশুর বিনা অনুমতিতে অনুপস্থিতি এবং দেশের বাইরে অবস্থান করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পত্র প্রেরণ করেন।

সচিব বরাবর প্রেরিত পত্রে জেলা প্রশাসক উল্লেখ করেন, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার প্রদত্ত মতামতে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৪ (৪) (জ) ধারা মোতাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এই আইন অনুযায়ী, কোন চেয়ারম্যান বা সদস্যের বিরুদ্ধে সাময়িকভাবে বরখাস্ত অথবা চূড়ান্তভাবে অপসারণ করা যায়। চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশুও বরখাস্ত হতে পারেন বলে তিনি নিজেই মনে করছেন। চেয়ারম্যান আহবাবুর গত ১৮ মার্চ কাউকে না জানিয়ে দেশ ছাড়েন।

সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী বিয়ানীবাজারের দুই ইউনিয়নের চেয়ারম্যানকে বরখাস্ত করে মন্ত্রনালয়। বরখাস্ত হওয়া মাথিউরা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিন ও আলীনগর ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার বলেন, 'চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশুকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে ১০ কার্যদিবসের সময় দিয়ে শোকজ করা হয়েছে। এই আদেশ চলাকালীন সময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে প্যানেল চেয়ারম্যান-১ মো. মনিরুজ্জামান রুটিন দায়িত্ব পালন করবেন।'


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

চেয়ারম্যান বহিষ্কার, সিলেট, বিয়ানীবাজার, আহবাবুর রহমান খান শিশু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ