২৩ জুন ২০২৬

রাজনীতি / স্থানীয় সরকার

জেলা প্রশাসনের নিয়ন্ত্রণেই থাকছে শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২২ জুন, ২০২৬ ৯:৩১ অপরাহ্ন

ছবিঃ প্রকাশ্যে গণনা চলছে শাহজালাল (রহ.) মাজারে দানের টাকা। সিলেট ভয়েস

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের ঐতিহাসিক ডেগ ও দানবাক্স আপাতত জেলা প্রশাসনের নিয়ন্ত্রণেই থাকছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। মাজারে জমা হওয়া দানের টাকা সোনালী ব্যাংকে মাজারের নামে খোলা একটি হিসাবে (অ্যাকাউন্টে) জমা রাখা হবে। পরবর্তীতে এ টাকার বিষয়ে সিদ্ধান্ত নেবে প্রশাসন। 

 

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন সিলেট ভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ (সোমবার) রাতেই ডিসি মহোদয় সিলেট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। মাজারের টাকা সোনালী ব্যাংকে মাজারের নামীয় একটি হিসাবে রাখা হবে। সম্প্রতি এই অ্যাকাউন্ট খোলা হয়েছে। পরবর্তীতের এই টাকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

 

তিনি আরও বলেন, ‘ডিসি মহোদয় চলে যাওয়ায় ভারপ্রাপ্ত ডিসি হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।’

 

মাজারের দানবাক্স এখন কার নিয়ন্ত্রণে থাকবে জানতে চাইলে তিনি বলেন, দানবাক্স জেলা প্রশাসনের নিয়ন্ত্রণেই থাকবে। যদি সেগুলো ভর্তি হয়ে যায় তাহলে আবার খোলে গণনা করা হবে। এছাড়াও দানবাক্সের পাহাড়ায় আনসার সদস্যরা নিয়োজিত থাকবেন।

 

এদিকে আজ সোমবার বেলা আড়াইটার দিকে সদ্য বিদায়ী ডেপুটি (ডিসি) মো. সারওয়ার আলমের উপস্থিতিতে প্রশাসনের উদ্যোগে স্থাপন করা তিনটি ঐতিহাসিক ডেগ ও একটি দানবাক্স খুলে প্রকাশ্যে গণনা করা হয়। এতে নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৫৯ টাকা এবং ৭ আনা সোনা পাওয়া যায়। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মাজার প্রাঙ্গণে এ গণনা কার্যক্রম চলে। এ সময় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

গণনার সময় দানবাক্সে টাকার পাশাপাশি ৭ আনা সোনা ও বৈদেশিক মুদ্রাও পাওয়া যায়। এর মধ্যে রয়েছে রিয়াল, ডলার, পাউন্ড এবং স্বর্ণের চেইন, আংটিসহ ছোট ছোট স্বর্ণের টুকরো।

 

এর আগে গত বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার উপস্থিতিতে মাজারে দানের তিনটি ঐতিহাসিক ডেগ ও নতুন একটি দানবাক্স স্থাপন করা হয়। একই সময়ে মাজারে থাকা তিনটি ঐতিহাসিক ডেগ সিলগালা করা হয় এবং নিরাপত্তার জন্য আনসার সদস্য মোতায়েন করা হয়।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

শাহজালাল মাজার, দানবাক্স, ডেগ, জেলা প্রশাসন, সারওয়ার আলম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ