১৮ জুন ২০২৬

রাজনীতি / সরকার

প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০০ বেডে রূপান্তর করব: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৭ জুন, ২০২৬ ৩:১৯ অপরাহ্ন


দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ বেড থেকে ১০০ বেডে উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, গ্রামের মানুষ যাতে ন্যূনতম স্বাস্থ্যসেবা পেতে পারেন, সেই লক্ষ্যে সদ্য উপস্থাপিত বাজেটে এ খাতে বিশেষ অর্থ বরাদ্দ রাখা হয়েছে এবং আগামী পাঁচ বছরের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

বুধবার (১৭ জুন) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মধ্যে ফ্যামিলি কার্ড ও আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘উপজেলা পর্যায়ে যে ৫০ বেডের হাসপাতাল আছে, সেটিকে ইনশাআল্লাহ আগামী পাঁচ বছরে ১০০ বেডে উন্নীত করব। এ জন্য বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে, যাতে এলাকার মানুষ, গ্রামের মানুষ ন্যূনতম স্বাস্থ্যসেবা পেতে পারেন।’

তিনি বলেন, বিএনপি সরকার গঠনের পর থেকেই সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। শুধু স্বাস্থ্য নয়, শিক্ষা, কৃষি ও সামাজিক সুরক্ষা — সব খাতেই বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দ রাখা হয়েছে।

অনুষ্ঠানে চা বাগানের ৫০ জন নারী শ্রমিককে ঘর নির্মাণের জন্য জনপ্রতি দুই লাখ টাকার চেক প্রদান করা হয়। এর মধ্যে তিনজনের হাতে মঞ্চ থেকে সরাসরি চেক তুলে দেন প্রধানমন্ত্রী, বাকিদের কাছে প্রশাসনের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়।

এ ছাড়া প্রায় ১৫০ জন চা শ্রমিক পরিবারের মেধাবী সন্তানকে বৃত্তি এবং কয়েকজন প্রতিবন্ধী ব্যক্তিকে চিকিৎসা সহায়তা হিসেবে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকার চেক দেওয়া হয়। নারী চা শ্রমিকদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণও করা হয় অনুষ্ঠানে।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে হবিগঞ্জের জনসভা থেকে চা শ্রমিক নারীদের ফ্যামিলি কার্ড দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতি পূরণ শুরু হলো। তিনি জানান, আগামী এক বছরের মধ্যে চা বাগানের সকল নারী শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

মৌলভীবাজার, প্রধানমন্ত্রী, তারেক রহমান, শ্রীমঙ্গল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ