আগামীকাল শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি সম্পন্ন
রাজনীতি
প্রকাশঃ ১৬ জুন, ২০২৬ ১০:১৩ অপরাহ্ন
ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে আগামীকাল বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে উপজেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীরা সফর সফল করতে সমন্বিতভাবে কাজ করছেন।
সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক
কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড কর্মসূচির ১৫৫ জন উপকারভোগীর পাশাপাশি আরও ১২০
জনকে বিভিন্ন ধরনের সরকারি অনুদান ও সহায়তা প্রদান করা হবে। ফলে প্রধানমন্ত্রীর
হাত থেকে মোট ২৭৫ জন উপকারভোগী সহায়তা গ্রহণ করবেন।
সরকারি সহায়তার আওতায় ক্যান্সার,
কিডনি রোগ, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায়
আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক অনুদান দেওয়া হবে।
এছাড়া ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীর
জীবনমান উন্নয়ন, শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, চা-শ্রমিকদের টেকসই আবাসন সুবিধা
এবং দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের জন্য বিশেষ সহায়তা
প্রদান করা হবে।
প্রধানমন্ত্রী আগামীকাল বুধবার দুপুর
১টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড
বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচির আওতায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১
নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে
অনুষ্ঠানস্থলে চলছে ব্যাপক প্রস্তুতি। টানা বৃষ্টিতে কাদাময় হয়ে পড়া মাঠে বালু
ফেলে সমতল করা হচ্ছে। পাশাপাশি মঞ্চ নির্মাণ, ইটের সলিং, সৌন্দর্যবর্ধন, নিরাপত্তা
বেষ্টনী স্থাপন এবং শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন
করার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
ইতোমধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স
(এসএসএফ), বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশ, র্যাব ও সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট
সংস্থাগুলো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। অনুষ্ঠানস্থল পরিদর্শন এবং সার্বিক
প্রস্তুতির কাজও শেষ পর্যায়ে রয়েছে।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)
আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, নির্বাচনের আগে বিএনপির চেয়ারম্যান ও
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারে এক নির্বাচনী জনসভায় পুনরায় এলাকায়
আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সরকার গঠনের চার মাসের মধ্যেই তিনি ফ্যামিলি কার্ড
কর্মসূচি নিয়ে শ্রীমঙ্গলে আসছেন, যা এলাকার মানুষের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তিনি বলেন, “বৃহত্তর সিলেটের মধ্যে
সবচেয়ে বড় সংবর্ধনা প্রধানমন্ত্রীকে দিতে চাই আমরা। সফর সফল করতে সর্বস্তরের
মানুষকে সম্পৃক্ত করা হয়েছে। যদিও বৈরী আবহাওয়া কিছুটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে,
তবুও আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন।”
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সফরসূচি পাওয়ার পর থেকেই প্রশাসনের
পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মঞ্চ নির্মাণ, বসার ব্যবস্থা,
নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক সমন্বয়ের কাজ চলমান রয়েছে।
তিনি জানান, মির্জাপুর ইউনিয়নের ১
নম্বর ওয়ার্ডের ১৫৫ জন প্রকৃত সুবিধাভোগীর তালিকা যাচাই-বাছাই শেষে চূড়ান্ত করা
হয়েছে। এছাড়া আরও ১২০ জন বিভিন্ন ধরনের সরকারি সহায়তা পাবেন।
এদিকে অনুষ্ঠানটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গল, পরিদর্শন, ফ্যামিলি কার্ড, উদ্বোধন, সরকারি অনুদান