১৫ জুন ২০২৬

রাজনীতি / সরকার

প্রধানমন্ত্রী’র আগমনে সাজছে মৌলভীবাজার, প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন ও দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৫ জুন, ২০২৬ ১:৪৫ অপরাহ্ন


আগামী বুধবার ১৭ জুন মৌলভীবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে এই সফর। সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।

জেলা শহরের সড়কগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি সার্কিট হাউস, জেলা জজ আদালত ও মৌলভীবাজার পৌরসভা ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনা সাজিয়ে তোলা হচ্ছে। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ ও শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে চলছে মঞ্চ নির্মাণকাজ।

গতকাল রোববার বিকেলে সরেজমিনে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে দেখা যায়, টানা বৃষ্টিতে মাঠ কাদাময় হয়ে পড়েছে। কাদামুক্ত করতে ট্রাকে করে বালু এনে শ্রমিকেরা মাঠে ছড়িয়ে দিচ্ছেন। বাঁশ দিয়ে মঞ্চ তৈরির কাজও এগিয়ে চলছে। মাঠের চারপাশের আগাছা ও গাছের বাড়তি ডালপালা ইতিমধ্যে ছেঁটে ফেলা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রবেশপথে ইট-সলিং করে অস্থায়ী সড়কও তৈরি করা হচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫ জন এবং রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২ জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে উপকারভোগী চূড়ান্ত করতে একাধিকবার যাচাই-বাছাই করা হয়েছে বলে জানানো হয়।

প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের মৌলভীবাজারে এটি প্রথম সফর। এ উপলক্ষে জেলা বিএনপি ইতিমধ্যে প্রস্তুতিমূলক সভা করেছে। জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা দলে দলে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলাবাসী তাদের দীর্ঘদিনের দাবিগুলোও সামনে তুলে ধরছেন। কমলগঞ্জ থেকে আসা আব্দুল মুমিন বলেন, 'মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ হলে চিকিৎসার জন্য আর সিলেট ছুটতে হবে না। খরচও অনেক কমবে।' আদিয়ান নোমান নামের আরেকজন বলেন, 'শমসেরনগর বিমানবন্দর চালু করা প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজারের মানুষের প্রাণের দাবি। আশা করি প্রধানমন্ত্রী এটি বাস্তবায়ন করবেন।'

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম বলেন, 'প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। মেডিকেল কলেজসহ জেলার দীর্ঘদিনের দাবিগুলো পূরণ হবে বলে আমরা আশাবাদী।'

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সমন্বয় করছে স্পেশাল সিকিউরিটি ফোর্স। তিনি বলেন, 'নির্ধারিত সময়ের আগেই সব প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হবে।'


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

মৌলভীবাজার, প্রধানমন্ত্রী, তারেক রহমান, সফর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ