দেশের বাজারে আবারও বাড়ল সোনা-রুপার দাম
ব্যবসা-বাণিজ্য
প্রকাশঃ ১৫ জুন, ২০২৬ ১:০১ অপরাহ্ন
তেজাবি সোনা (পাকা সোনা) ও রুপার আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতির প্রভাবে দেশের বাজারেও আবারও সোনা ও রুপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ থেকেই নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি।
সোমবার (১৫ জুন) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে নতুন দর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা করা হয়েছে।
১৮ ক্যারেটের সোনার দাম ভরিতে ৪ হাজার ৪৯০ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৮ হাজার ৫৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির সোনার দাম ৩ হাজার ৬৭৪ টাকা বাড়িয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৫৫৬ টাকায়।
এর আগে গত ১৩ জুনও সোনার দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ৬৩৫ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার দামও বাড়ানো হয়েছিল।
শুধু সোনা নয়, রুপার দামও বেড়েছে নতুন দরে। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে ৫ হাজার ৩৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপা ২৩৩ টাকা বেড়ে ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ৭৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বেড়েছে এবং ৩৬ বার কমেছে।
সোনার দাম বৃদ্ধি, রুপার দাম বৃদ্ধি, বাজুস, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, ২২ ক্যারেট সোনার দাম, ২১ ক্যারেট সোনা, ১৮ ক্যারেট সোনা, সোনার বাজার বাংলাদেশ, রুপার দাম বাংলাদেশ