
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নতুন চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন রেজাউল হাসান কয়েস লোদী (কয়েস লোদী)।
আজ রবিবার (১৪ জুন) তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব বরাবর তাঁর যোগদানপত্র পেশ করেন। এর আগে গত ১১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে অতিরিক্ত সচিব পদমর্যাদায় এই পদে নিয়োগ দেওয়া হয়।
আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে তাঁর যোগদান সংক্রান্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোকে এ বিষয়ে অনুলিপি প্রেরণের মাধ্যমে অবহিত করা হয়েছে।
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ছাড়াও আজ দেশের আরও সাতটি গুরুত্বপূর্ণ অঞ্চলের উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানগণ দায়িত্ব গ্রহণের প্রক্রিয়ায় অংশ নেন।
তাঁরা হলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ: এস. এম. শফিকুল আলম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ: মো: আবুল কালাম আজাদ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ: মোহাম্মদ জসিম উদ্দিন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ: মোতাহার হোসেন তালুকদার, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ: মো: শামসুজ্জামান সামু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ: উতবাতুল বারী আবু, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ: মাসুকুল ইসলাম রাজিব।
মন্ত্রণালয়ের সহকারী সচিব মো: আবদুল হাই স্বাক্ষরিত এক চিঠিতে এই কর্মকর্তাদের গাড়ি বহর ও সচিবালয়ে প্রবেশের বিষয়টি নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা অধিশাখা ও উপপুলিশ কমিশনারকে (সচিবালয়) প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, সিলেটের পরিকল্পিত নগর উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং নাগরিক সুবিধা বৃদ্ধিতে নতুন চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর এই নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
দায়িত্বগ্রহণের পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সাথে চেয়ারম্যানবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। আগামীকাল সোমবার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক ভাবে মন্ত্রীর সাথে চেয়ারম্যানবৃন্দের এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শেয়ার করুনঃ
রাজনীতি থেকে আরো পড়ুন
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ, কয়েস লোদী, চেয়ারম্যান, রেজাউল হাসান কয়েস লোদী, যোগদান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

