১৩ জুন ২০২৬

ব্যবসা-বাণিজ্য / বাজারদর

টানা চার দফা কমার পর সোনার দাম ভরিতে বাড়ল ৬ হাজার ৫৯০ টাকা

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৩ জুন, ২০২৬ ১১:৩১ পূর্বাহ্ন


টানা চার দফা দাম কমার পর দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।


শনিবার সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ–সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়।


বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় নতুন করে সোনার মূল্য সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি এবং স্থানীয় বাজারের পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে।


নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে ক্রেতাদের গুনতে হবে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। তবে এ মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং গয়না তৈরির মজুরি যুক্ত হবে।


এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ২৯৮ টাকা বাড়িয়ে ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৩৬৬ টাকা বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৮৮২ টাকা।


শুধু সোনা নয়, রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২৯১ টাকা বাড়িয়ে ৫ হাজার ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।  এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২৯২ টাকা বাড়িয়ে ৪ হাজার ৮৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৩ হাজার ১৪৯ টাকা করা হয়েছে।


এর আগে চলতি মাসে টানা চার দফা সোনার দাম কমিয়েছিল বাজুস। তবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধি এবং স্থানীয় বাজারে কাঁচা সোনার দাম বেড়ে যাওয়ায় সেই ধারা থেকে সরে এসে আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল দেশের জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠনটি। নতুন এই দাম শনিবার থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।


শেয়ার করুনঃ

ব্যবসা-বাণিজ্য থেকে আরো পড়ুন

সোনার দাম, সোনার নতুন দাম, বাজুস, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, ২২ ক্যারেট সোনা, সোনার বাজার, স্বর্ণের দাম, আজকের সোনার দাম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ