১১ জুন ২০২৬

রাজনীতি / সরকার

জাতীয় বাজেট ২০২৬-২৭

১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা অর্থমন্ত্রীর

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১১ জুন, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস গ্রাফিক্স

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১১ জুন) বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারি কর্মচারীরা প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোর আওতায় বেতন-ভাতা পাচ্ছেন। এ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে।

অর্থমন্ত্রী জানান, ‘মেধাভিত্তিক বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে সরকারি চাকরিতে নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে মেধা, সততা, দক্ষতা, অভিজ্ঞতা এবং প্রশিক্ষণকে প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে।

তিনি বলেন, প্রশাসনিক সংস্কারের ধারাবাহিকতায় দাপ্তরিক প্রক্রিয়া সহজ করার পাশাপাশি ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করা হবে। এতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে, উৎপাদন ও রপ্তানির ভিত্তি আরও শক্তিশালী হবে এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত হবে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, অর্থনীতির গণতন্ত্রায়ণ, সুশাসন, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থানমুখী প্রবৃদ্ধির যে লক্ষ্য সরকার গ্রহণ করেছে, এসব পদক্ষেপ তার বাস্তবভিত্তি তৈরি করবে।

তিনি আরও জানান, সরকারের কৌশলগত লক্ষ্য হলো আগামী পাঁচ বছরের মধ্যে ক্রয়ক্ষমতা সমতা (পিপিপি) ভিত্তিক বিশ্বের ২৬তম অর্থনীতি থেকে বাংলাদেশের অবস্থান শীর্ষ ২০ অর্থনীতির মধ্যে নিয়ে যাওয়া।

এ লক্ষ্য অর্জনে দেশের সব নাগরিককে ডিজিটাল সংযোগের আওতায় আনা, মানবসম্পদ উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং অবকাঠামো ও বন্দর ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিল্পায়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে অর্থনীতির ভিত্তি আরও শক্তিশালী করা হবে।

বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) জিডিপির শূন্য দশমিক ৪৫ শতাংশ থেকে বাড়িয়ে ২ দশমিক ৭ শতাংশে উন্নীত করার কর্মপরিকল্পনাও সরকারের রয়েছে বলে জানান অর্থমন্ত্রী।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সরকারি চাকরি, নতুন পে স্কেল, অর্থনীতি, চাকরি, বাজেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ