১১ জুন ২০২৬

রাজনীতি / সরকার

জাতীয় বাজেট ২০২৬-২৭

প্রাথমিক ও গণশিক্ষা খাতে ৪৬ হাজার ৭৩৭ কোটি টাকার বাজেট প্রস্তাব

বাসস

প্রকাশঃ ১১ জুন, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস গ্রাফিক্স

দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, একীভূত ও স্মার্ট করার লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য সর্বমোট ৪৬ হাজার ৭৩৭ কোটি ৯২ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 

বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এই খাতে বরাদ্দ ছিল ৩১ হাজার ৭১৮ কোটি ৮১ লাখ ৮০ হাজার টাকা। সেই তুলনায় এবার প্রাথমিক ও গণশিক্ষা খাতে বরাদ্দ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে রেকর্ড পরিমাণ ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন, যেখানে সামগ্রিক শিক্ষা খাতকে দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বাজেট নথি অনুযায়ী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য প্রস্তাবিত ৪৬ হাজার ৭৩৭ কোটি ৯২ লাখ টাকার মধ্যে পরিচালন ব্যয় হিসেবে ২৫ হাজার ২৯৭ কোটি ৩৪ লাখ টাকা এবং উন্নয়ন ব্যয় হিসেবে ২১ হাজার ৪৪০ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।  

বাজেট প্রস্তাবনায় বলা হয়, আগামী অর্থবছরে অত্যন্ত গুরুত্বের সাথে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ (পিইডিপি-৫) গ্রহণ করা হচ্ছে, যার মাধ্যমে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অধিকাংশ প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব হবে। এছাড়া যুগোপযোগী ও বিশ্বমানের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষাস্তরের শিক্ষাক্রম পরিমার্জন এবং নতুন শিক্ষাক্রম অনুযায়ী পাঠ্যপুস্তক প্রণয়ন, মুদ্রণ ও বিনামূল্যে বিতরণের কার্যক্রম জোরদার করা হবে।

প্রস্তাবনায় বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করার মাধ্যমে বিদ্যালয়ে ধরে রাখতে এবং ঝরে পড়া রোধে দেশব্যাপী ‘সরকারি স্কুল ফিডিং প্রোগ্রাম’ বাস্তবায়ন করা হবে। একই সাথে উপবৃত্তি প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে। সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চাহিদা ভিত্তিক অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ঢাকা মহানগরী ও পূর্বাচলে নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন, বিদ্যমান অবকাঠামোর ব্যাপক উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

প্রাথমিক শিক্ষা, বাজেট ২০২৬-২৭, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, পিইডিপি-৫, স্কুল ফিডিং কর্মসূচি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ