১০ জুন ২০২৬

রাজনীতি / সরকার

জেনেভায় শ্রম সংস্থার মহাপরিচালকের সঙ্গে মন্ত্রী আরিফুল হকের বৈঠক

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১০ জুন, ২০২৬ ৬:৪১ অপরাহ্ন


সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট হুংবোর সঙ্গে বাংলাদেশের শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী আরিফুল হক চৌধুরীর  বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) অনুষ্ঠিত এ বৈঠকে মন্ত্রী শোভন কাজ, সামাজিক ন্যায়বিচার এবং শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় আইএলওর ভূমিকার প্রশংসা করেন। তিনি গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম অধিকারের প্রতি বাংলাদেশের সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং জাতীয় আইন ও নীতিমালাকে আন্তর্জাতিক শ্রমমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার চলমান উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।

মন্ত্রী আইএলওর বৈশ্বিক সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের বিকাশে আইএলওর সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানান।

বৈঠকে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ এ পর্যন্ত ৩৯টি আইএলও কনভেনশন অনুসমর্থন করেছে এবং এশিয়ার প্রথম দেশ হিসেবে সব মৌলিক আইএলও কনভেনশন অনুসমর্থনের স্বীকৃতি অর্জন করেছে। পাশাপাশি শ্রম খাত সংস্কার, শ্রম অধিকার সংস্কার কমিশন গঠন, ত্রিপক্ষীয় প্রতিষ্ঠান পুনর্গঠন এবং শ্রম আইন সংশোধনের অগ্রগতির বিষয়ও তুলে ধরেন।

মন্ত্রী আইএলও মহাপরিচালককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং চলমান শ্রম খাত সংস্কার কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের আহ্বান জানান।

আইএলও মহাপরিচালক বাংলাদেশের শ্রম খাতে চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশের সঙ্গে আইএলওর দীর্ঘদিনের অংশীদারিত্বের প্রশংসা করেন। তিনি বাংলাদেশ সফরের আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান এবং এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে সমন্বয় অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে শ্রম অধিকার, সামাজিক ন্যায়বিচার, প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই শ্রম ব্যবস্থাপনা উন্নয়নে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ একমত হন।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, প্রতিনিধি দলের সদস্য এবং জেনেভা মিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

আরিফুল হক চৌধুরী, আইএলও, জেনেভা বৈঠক, শ্রম অধিকার, বাংলাদেশ শ্রম খাত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ